ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

সপ্তমবার বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪২, ৩ এপ্রিল ২০২২
সপ্তমবার বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল

অস্ট্রেলিয়ার ইনিংস শেষেই যেন ম্যাচের ফল নিশ্চিত হয়ে গিয়েছিল। কারণ জিততে হলে ইংল্যান্ডকে টপকাতে হতো রানের পাহাড়। ন্যাট স্কাইভার একাই লড়ে দুর্দান্ত ইনিংস খেললেন বটে। কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট হলো না। আর অন্য প্রান্তের ব্যাটারদের ব্যর্থতায় ইংল্যান্ড অল আউট হওয়া মাত্র বড় জয়ে বিশ্বকাপ জেতার আনন্দে মাতল অস্ট্রেলিয়া।

রোববার ৭১ রানে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে জিতেছে অস্ট্রেলিয়া। এবার ছিল নারী বিশ্বকাপের ১২তম আসর। এর মধ্যে সাতবারই বিশ্বকাপ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। চারবার জিতেছে ইংল্যান্ড এবং বাকি একবার বিশ্বকাপ জিতেছে নিউজিল্যান্ড। এবারই প্রথম নারী বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার জয়ের মূল কারিগর অ্যালিসা হিলি। এই ওপেনার খেলেন ১৩৮ বলে ১৭০ রানের ইনিংস। ছেলে-মেয়ে মিলিয়েই ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি। সঙ্গে র‍্যাচেল হেইন্স ও বেথ মুনির ফিফটিতে অস্ট্রেলিয়া সংগ্রহ করে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ ৩৫৬ রান।

জবাবে ইংল্যান্ড থমকে যায় ২৮৫ রানে। চার নম্বরে নেমে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান ইংলিশ ব্যাটার ন্যাট স্কাইভার। ১২১ বলে ১৪৮ রানে অপরাজিত ছিলেন তিনি। তবুও তার এই ইনিংস ইংল্যান্ডকে জয় এনে দিতে পারেনি। বাকি ব্যাটারদের যে আর কেউই দাঁড়াতে পারেননি!

ওপেনার ট্যামি বিউমন্ট করেন ২৭ রান। ড্যানি ওয়েট করেন মাত্র ৪ রান। দলের সেরা ব্যাটার এবং অধিনায়ক হিদার নাইট আউট হন মাত্র ২৬ রান করে। অ্যামি জোন্স করেন ২০ রান। সোফি ডাঙ্কলি করেন ২২ রান। চার্লি ডিন করেন ২১ রান। একমাত্র দাঁড়িয়ে ছিলেন ন্যাট স্কাইভার। ১২১ বলে ১৫টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মারেন তিনি।

অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে অ্যালানা কিং, জেস জোনাসেন ৩টি করে উইকেট নেন। মেগান স্কাট নেন ২ উইকেট। তাহলিয়া ম্যাকগ্রা এবং অ্যাসলে গার্ডনার নেন ১টি করে উইকেট।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!