প্রীতি ম্যাচ খেলবেন না রাশিয়ান অধিনায়ক
ইউক্রেনের কঠিন পরিস্থিতিতে চলতি মাসের শেষে একটি প্রীতি ম্যাচে রাশিয়া দলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক আরটেম ডিজুবা। রুশ জাতীয় দলের কোচ ভালেরি কারপিন এই তথ্য নিশ্চিত করেছেন।
ফুটবল ইউনিয়ন অব রাশিয়ার ওয়েবসাইটে এ সম্পর্কে কারপিন বলেছেন, ইউক্রেনের কঠিন পরিস্থিতিতে আরটেম দুঃখ প্রকাশ করে জানিয়েছেন পারিবারিক সমস্যার কারণে তিনি খেলতে চাইছেন না। ইউক্রেনে তার পরিবারের অনেক সদস্য বসবাস করেন। আমরা তাকে ছুটি দেবার জন্য সম্মত হয়েছি। জেনিথ সেইন্ট পিটার্সবার্গের হয়ে পরবর্তী কয়েকটি ম্যাচে তার উপর আমার গভীর মনোযোগ থাকবে।
২০১৮ সালে সর্বশেষ বিশ্বকাপের আয়োজক ছিল রাশিয়া। এরমধ্যেই ইউক্রেনে সামরিক আগ্রাসনের কারণে চলতি বছরের কাতার বিশ্বকাপের প্লে-অফ থেকে রাশিয়াকে বাদ দেয়া হয়েছে।
যদিও ফিফার এই সিদ্ধান্তের বিপক্ষে তারা এরমধ্যেই তারা উচ্চ আদালতে আপিল করেছে। আগামী ২১-২৭ মার্চ রাশিয়া তাদের জাতীয় দলের সকল খেলোয়াড়কে একত্রিত করছে। ফিফা ও উয়েফা নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক কোন ম্যাচে তারা আপাতত অংশ নিতে পারবে না।
তাদের সঙ্গে সখ্যতা থাকা কোন দেশের বিপক্ষে হয়ত কয়েকটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ তারা পেতে পারে। কারপিন জানিয়েছেন অনুশীলন ক্যাম্পের বিস্তারিত ও প্রীতি ম্যাচ সম্পর্কে অচিরেই সকলকে জানানো হবে।
রুশ কোচ আরো জানিয়েছেন অনুশীলন ক্যাম্পের জন্য তিনি ইউরোপীয়ান ক্লাব ভিত্তিক কোন খেলোয়াড়কে অন্তর্ভূক্ত করেননি।