সাকিবকে নিয়েই সাজানো হচ্ছে টেস্ট দলের পরিকল্পনা
আফগানিস্তান সিরিজ শেষ করেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে টাইগাররা। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত সেই দুই টেস্টে সাকিব আল হাসান খেলবেন কি না- এই আলোচনাই এখন সর্বত্র।
আইপিএলের কারণে দক্ষিণ আফ্রিকা টেস্ট থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। তবে দল না পাওয়ায় আইপিএলে খেলা হচ্ছে না তার। আর এ কারণে স্বভাবতই তার টেস্ট না খেলার কোনো কারণ নেই- এমনই ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডে সিরিজ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, টেস্ট সিরিজে খেলবেন সাকিব। তবে মঙ্গলবার (১ মার্চ) একটি অনুষ্ঠানে গণমাধ্যমের প্রশ্নের জবাবে সাকিবের উত্তর ছিল রহস্যময়। তবে এতে সাকিবকে টেস্টে পাওয়া নিয়ে কোনো সংশয় দেখছেন না বিসিবি সভাপতি।
রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘সাকিবের এটা চূড়ান্ত করার কোনো ইস্যু এখনও দেখি না। সে খেলবে, এটাই জানি। না খেলার কোনো কারণ আমি এখন পর্যন্ত দেখছি না। সামনে কী হয় জানি না। আমি যতটুকু জানি অবশ্যই খেলবে। এসব নিয়ে এখন আর আলাপ-আলোচনা হচ্ছে না।’
সাকিব খেলবেন কি খেলবেন না এই বিতর্ক মাথা থেকে ঝেড়ে ফেলেই তাই গোছানো হচ্ছে টেস্ট দল। মঙ্গলবার রাতে নির্বাচক, কোচ, ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান ও সীমিত ওভারের দুই অধিনায়কের সাথে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে ছিল দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলও।
এ বিষয়ে পাপন বলেন, ‘টেস্টে কী হবে, কবে যাচ্ছে, কীভাবে কী করবে, অনুশীলন কতদিন করবে এসব নিয়ে আলোচনা ছিল। সম্ভাব্য টেস্ট দল কেমন হতে পারে, কাকে কোন জায়গায় রাখলে ভালো হয় এসব নিয়ে আলোচনার পর মোটামুটি একটা সিদ্ধান্তে এসেছি।’