ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

শ্রীলংকাকে উড়িয়ে সিরিজ শুরু ভারতের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬, ২৫ ফেব্রুয়ারি ২০২২
শ্রীলংকাকে উড়িয়ে সিরিজ শুরু ভারতের
ভারত দল

শ্রীলংকার বিপক্ষে দাপুটে জয় দিয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করেছে স্বাগতিক ভারত। লক্ষ্ণৌতে সিরিজের উদ্বোধনী ম্যাচে ৬২ রানের বড় জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে রোহিত শর্মার দল।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে ভারত। দলের পক্ষে অর্ধশতক হাঁকান ঈশান কিষাণ ও শ্রেয়াস আইয়ার। কিষাণ অবশ্য শতকের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। দশটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়ে সাজঘরে ফেরার আগে ৫৬ বলে ৮৯ রান করেন এই ওপেনার।

এর আগে অধিনায়ক রোহিত ৩২ বলে ৪৪ রান করে বিদায় নিলে ভাঙে ১১১ রানের উদ্বোধনী জুটি। ১৫৫ রানে কিষাণ বিদায় নিলে তাকে সঙ্গ দেন শ্রেয়াস। যিনি ২৮ বলের মোকাবেলায় পাঁচটি চার ও দুটি ছক্কা হাঁকিয়ে ৫৭ রান করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম বলেই উইকেট হারায় শ্রীলংকা। দলীয় ৬০ রানের মধ্যে সাজঘরে ফেরেন ৫ ব্যাটার, রান রেট তখন ছয়েরও নিচে। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান জড়ো করতে সমর্থ হয় লঙ্কানরা।

দলের পক্ষে অর্ধশতক হাঁকান চারিথ আসালঙ্কা। ৪৭ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ১৪ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন দুশমন্থ চামিরা। ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার ও ভেঙ্কাটেশ আইয়ার দুটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

টস: শ্রীলংকা

ভারত: ১৯৯/২ (২০ ওভার)
কিষাণ ৮৯, শ্রেয়াস ৫৭*, রোহিত ৪৪
শানাকা ১৯/১, কুমারা ৪৩/১

শ্রীলংকা: ১৩৭/৬ (২০ ওভার)
আসালঙ্কা ৫৩*, চামিরা ২৪*
ভুবনেশ্বর ৯/২, ভেঙ্কাটেশ ৩৬/২

ফল: ভারত ৬২ রানে জয়ী।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!