ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

অসুস্থ হয়ে পড়েছেন ডু প্লেসি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০২২
অসুস্থ হয়ে পড়েছেন ডু প্লেসি
ফাফ ডু প্লেসি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে তারকায় ঠাসা দল গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বর্তমানে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা দলটির অন্যতম বড় নাম ফাফ ডু প্লেসি। যদিও প্রোটিয়া অধিনায়ককে ছাড়াই সর্বশেষ ম্যাচে খেলতে নেমেছে দল। কারণ, পেটের পীড়ায় ভুগছেন ডু প্লেসি।

ফরচুন বরিশালের বিপক্ষে দলের সর্বশেষ ম্যাচে একাদশে ছিলেন না ডু প্লেসি। তার জায়গায় একাদশে সুযোগ পান আফগান তারকা করিম জানাত। এছাড়া মুমিনুল হককে সুযোগ দিয়ে একাদশের বাইরে রাখা হয় মাহিদুল ইসলাম অঙ্কনকে। ডু প্লেসিকে ছাড়া খেলতে নেমে কুমিল্লা দেখে চলমান আসরে তাদের দ্বিতীয় পরাজয়।

ম্যাচ শেষে দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানান, ডু প্লেসি পেটের পীড়ায় ভুগছেন। তবে দলের পরের ম্যাচেই তাকে পাওয়ার আশা সালাউদ্দিনের। তিনি বলেন, ‘ডু প্লেসি একটু অসুস্থ। এ কারণে ও খেলতে পারেনি। ও না থাকায় দলের ভারসাম্য ধরে রাখতে একাদশে পরিবর্তন করতে হয়েছে।’

ডু প্লেসির অসুস্থতা সম্পর্কে জানতে চাইলে সালাউদ্দিন আরো বলেন, ‘পেটে একটু সমস্যা আছে। এ কারণে আসলে খেলেনি। আশা করছি পরের ম্যাচে সবাইকে পাব।’

কুমিল্লা এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে। যার ৪টি জিতেছে এবং একটি ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) সিলেট পর্বের শেষ ম্যাচে স্বাগতিক সিলেট সানরাইজার্সের মুখোমুখি হবে তারা। এই ম্যাচ জিতলে ইমরুল কায়েসের দলের শেষ চার নিশ্চিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!