ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

মাথায় চোট ডু প্লেসির, হারিয়েছিলেন স্মৃতিশক্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:০৬, ১৪ জুন ২০২১
মাথায় চোট ডু প্লেসির, হারিয়েছিলেন স্মৃতিশক্তি
মাথায় চোট পেয়েছেন ডু প্লেসি

পিএসএলের ম্যাচে মাথায় চোট পেয়ে আংশিক স্মৃতিশক্তি হারিয়েছিলেন ফাফ ডু প্লেসি। এরপর সোশ্যাল মিডিয়াতে সুস্থ থাকার বার্তার সঙ্গে নিজেই নিজের শারীরিক অবস্থার কথাও জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার।

শনিবার রাতে আবুধাবিতে পাকিস্তান সুপার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং পেশোয়ার জালমি। সেই ম্যাচেই ফিল্ডিং করার সময়ে মহম্মদ হাসনাইনের সঙ্গে সংঘর্ষে মাথায় চোট পান ফ্যাফ ডু প্লেসি। গুরুতর চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। ‘কনকাসন সাবস্টিউট’ বিধি অনুযায়ী ফাফের পরিবর্তে নামানো হয় সাইম আয়ুবকে।

ঘটনাটি ঘটে পেশোয়ার ইনিংসের সপ্তম ওভারে। মূলত হাসনাইনের হাঁটুটা সজোরে মাথায় লাগে ডু প্লেসির। চোট পেয়ে তিনি লুটিয়ে পড়েন। বেশ কিছুক্ষণ তিনি এভাবেই মাটিতে লুটিয়ে পড়েছিলেন। 

দলের ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা করার পর তিনি উঠে দাঁড়ান। তবে চোট এতটাই গুরুতর ছিল যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়।

এরপর সবাই ফাফের শারিরীক অবস্থা নিয়ে চিন্তায় ছিলেন। নিজের টুইটার বার্তায় তিনি লেখেন, ‘আমার পাশে থেকে বার্তা পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ। সুস্থ হয়ে আমি হোটেলে ফিরে এসেছি। বেশ কিছু ঘটনা স্মৃতিতে নেই তাই একটু হতাশ রয়েছি, কিন্তু আমি ভালো আছি। আশা করছি খুব তাড়াতাড়ি মাঠে ফিরে আসব। অনেক ভালবাসা’।

ডেইলি-বাংলাদেশ/আরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!