ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

সবধরনের ক্রিকেটকে বিদায় বললেন ব্রেসনান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭, ১ ফেব্রুয়ারি ২০২২
সবধরনের ক্রিকেটকে বিদায় বললেন ব্রেসনান
টিম ব্রেসনান

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার টিম ব্রেসনান। এবার সব ধরনের ক্রিকেটকেই বিদায় বলে দিলেন তিনি। সোমবার তার কাউন্টি দল ওয়ারউইকশায়ারের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এমনটাই নিশ্চিত করেছেন এই ক্রিকেটার।

কাউন্টিতেই সর্বশেষ খেলেছেন ব্রেসনান। ইংল্যান্ডের জার্সি গায়ে জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে তার পথচলা শুরু হয় ২০০৬ সালের জুন মাসে। রোজ বোলে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন তিনি।

ঠিক তার দুইদিন পর একই প্রতিপক্ষের বিপক্ষে হয়ে যায় তার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকও। তবে সাদা জার্সি পরে লাল বলের ক্রিকেট খেলতে ব্রেসনানকে অপেক্ষা করতে হয়েছিল আরো বছর তিনেক।

ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে ২০০৯ সালে উইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মত ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে নামেন টিম ব্রেসনান। ডাক পেয়ে যান ঐ বছরই হওয়া ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের দলেও। এরপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

ব্যাট আর বল হাতে সামনে থেকেই অসংখ্যবার দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন ব্রেসনান। গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ইংল্যান্ডের ২০১১ ও ২০১৩ সালের অ্যাশেজ জয়ে। ২০১০ সালে ইংল্যান্ডের টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। তবে বেরসিক চোট লম্বা হতে দেয়নি তার আন্তর্জাতিক ক্যারিয়ার।

সব ধরনের ক্রিকেটকে বিদায় বলার পিছনের কারণও হয়ে থাকলো ঐ চোটই। আরো একটা মৌসুম ওয়ারউইকশায়ারের হয়ে মাঠ মাতানোর ইচ্ছা থাকলেও শরীর সেই পরিকল্পনায় সম্মতি দেয়নি তাকে। যার কারণে ৩৬ বছর বয়সী টিম ব্রেসনান সোমবারই তার ২০ বছর বয়সী বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন।

বিদায় বেলায় ব্রেসনান জানিয়েছেন বিদায় বেলায় ক্রিকেট নিয়ে কোনো ধরণের আক্ষেপ নেই তার। তিনি বলেন, ‘ভবিষ্যতে খুব গর্ব ভরে আমি আমার ক্যারিয়ারের দিকে ফিরে তাকাব। হোম কাউন্টি, ওয়ারউইকশায়ার ও দেশকে প্রতিনিধিত্ব করার ব্যাপারটা আমার জন্য পরম সম্মানের বিষয়। আমি অনেক ভাগ্যবান। কারণ, দারুণ কিছু ক্রিকেটারের সঙ্গে ও বিপক্ষে খেলতে পেরেছি এবং আমি তা উপভোগ করেছি।’

তিন ফরম্যাট মিলিয়ে ইংল্যান্ডের জার্সি গায়ে টিম ব্রেসনান খেলেছেন মোট ১৪২ টি আন্তর্জাতিক ম্যাচ। ২৩ টেস্টে, ৮৫ ওয়ানডেতে ও ৩৪ টি-২০ ম্যাচে তার উইকেট সংখ্যা যথাক্রমে ৭২, ১০৯ ও ২৪টি। তার ব্যাট থেকে এসেছে ১৬৬২টি আন্তর্জাতিক রানও।

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!