ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

অপুর পর সাকিবের ‘পুষ্পা’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৮, ২৫ জানুয়ারি ২০২২
অপুর পর সাকিবের ‘পুষ্পা’
‘পুষ্পা’ উদযাপন করছেন সাকিব

তামিল ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা’র পরিচালক-প্রযোজকরা এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) আলাদা করে একটি ধন্যবাদ দিতেই পারেন। কারণ এই বিপিএলে যে তাদের সিনেমার প্রচার বিনামূল্যে করে দিচ্ছেন নাজমুল ইসলাম অপু, সাকিব আল হাসানের মতো তারকা ক্রিকেটাররা। যার শুরুটা করেছিলেন অপু, এবার তার সঙ্গে যোগ দিয়েছেন সাকিবও।

মঙ্গলবার বিপিএলের চতুর্থ দিনের প্রথম ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে খেলত নেমেছিল সিলেট সানরাইজার্স। এ ম্যাচে ১৮ রানে ৪ উইকেট নেয়ার সময় প্রতি উইকেটেই পুষ্পা উদযাপন দেখিয়েছেন অপু। যা তিনি করেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে প্রথম ম্যাচেও।

আজ দিনের দ্বিতীয় ম্যাচে অপুর মতোই পুষ্পা উদযাপন দেখান সাকিব। টস জিতে ফিল্ডিং করতে নেমে ইনিংসের ষষ্ঠ ওভারে ফাফ ডু প্লেসিকে মিড অনে জিয়াউর রহমানের হাতে ক্যাচে পরিণত করেন সাকিব।

এরপর নিজের স্বাভাবিক উদযাপন সেরেই পুষ্পা সিনেমার কেন্দ্রীয় চরিত্র পুষ্পা রাজের মতো চোয়ালের নিচ দিয়ে দাঁড়িতে হাত বুলিয়ে দেওয়া উদযাপন করেন সাকিব। যা এরই মধ্যে তার ভক্ত-সমর্থকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

উল্লেখ্য, দিনের প্রথম ম্যাচের পর নিজের পুষ্পা উদযাপনের পেছনে রহস্যের কথা জানিয়েছেন বাঁহাতি স্পিনার নাজমুল অপু।। মূলত পুষ্পা সিনেমার নায়ক যেমন চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, তেমনি তিনিও চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন বিধায় এ উদযাপন করছেন।

অপু এ বিষয়ে বলেন, ‘আমি পুষ্পা মুভিটা দেখেছি। তো সেখানে নায়ক সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। আলহামদুলিল্লাহ আমিও সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আসলে ক্রিকেট খেলাটাই এমন, এখানে সবসময় চ্যালেঞ্জ নিতে হয়। তাই নাগিনের সাথে এটা যোগ করেছি।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!