সালাহর বার্সায় যাওয়ার গুঞ্জন
দুই দশকের সম্পর্ক ত্যাগ করে চলতি মৌসুমের শুরুতে প্রিয় ক্লাব বার্সেলোনা ছাড়তে নাধ্য হন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার প্রস্থানের পর থেকেই ব্যর্থতায় কোণঠাসা হয়ে কাতালুনিয়ার ক্লাবটি। এমতাবস্থায় দুর্দশা কাটাতে মোহাম্মদ সালাহকে বার্সায় নিয়ে আসা হতে পারে বলে গুঞ্জন চলছে।
ব্যর্থতা এড়াতে সমর্থকদের তোপের মুখে কোচ রোনাল্ড কোম্যানকে সরিয়ে নতুন আশায় ক্লাব কিংবদন্তি জাভিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব নেয়ার পর বার্সার ভাগ্যবদলের চেষ্টা করে যাচ্ছেন। নতুন কোচের নজর বিশ্বের সেরা ফুটবলারদের ক্লাবে নিয়ে আসায়।
আর এরই ধারাবাহিকতায় গুঞ্জন রটেছে, লিভারপুল তারকা সালাহকে ক্লাবে আনতে কোমড় বেঁধে নেমেছেন জাভি। এদিকে মিসরের এমবিসি মাসর টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে সালাহ বলেন, আমার ওপর জাভির আগ্রহের বিষয়টি নিয়ে খবর দেখেছি।
তিনি আরো বলেন, বার্সেলোনার মতো দল আমার প্রতি আগ্রহ দেখাচ্ছে, এটা তো আমার জন্য খুশির ব্যাপার। তবে আমি লিভারপুলে ভালো আছি। ভবিষ্যতে কী হয়, দেখা যাবে। তবে এই মুহূর্তে আমি প্রিমিয়ার লিগেই থাকতে চাই। কারণ এটা বিশ্বের সবচেয়ে শক্ত লিগ।
শেষ পর্যন্ত সালাহ যদি সত্যিই বার্সেলোনায় চলে আসেন, কাতালান ক্লাবটির ভক্তদের চেয়ে বেশি খুশি সম্ভবত কেউ হবে না।