শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রিয়াল
সপ্তাহ দুয়েক আগে বার্সেলোনাকে তাদেরই ঘরের মাঠে রুখে দিয়েছিল গ্রানাদা। তবে এবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে আর কোনো চমক দেখাতে পারল না তারা। পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখেই প্রত্যাশিত জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। এই জয়ে লা লিগার শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রিয়াল।
প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার রাতের লিগ ম্যাচটি ৪-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। লুকা মডরিচের গোলে দল এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। হোর্হে মোলিনা ব্যবধান কমানোর পর জিনেদিন জিদানের দলের পক্ষে বাকি দুই গোল করেন আলভারো ওদ্রিওসোলা ও করিম বেনজেমা।
আগের দিন রিয়াল সোসিয়েদাদকে হারানো আতলেতিকো মাদ্রিদ ৩৬ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে। দুইয়ে ফেরা রিয়ালের পয়েন্ট ৭৮। এছাড়া গত মঙ্গলবার লেভান্তের মাঠে ড্র করা বার্সেলোনা ৭৬ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।
চতুর্দশ মিনিটে লক্ষ্যে প্রথম বল রাখে রিয়াল। তবে রদ্রিগোর ক্রসে বেনজেমার হেড কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। তিন মিনিট পর একরকম হঠাৎ করেই গোল পেয়ে যায় শিরোপাধারীরা। মডরিচের করা গোলটিতে দারুণ ভূমিকা মার্সেলোর জায়গায় লেফট ব্যাকে সুযোগ পাওয়া মিগেল গুতিরেসের।
যোগ করা সময়ের প্রথম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় রিয়াল। মার্ভিনের বাড়ানো বল ধরে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন রদ্রিগো। ম্যাচের ৭১তম মিনিটে ব্যবধান কমায় গ্রানাদা। ম্যাচে নাটকীয়তার আভাস জাগলেও তা স্থায়ী হয়নি।
খানিক বাদেই পরপর দুই মিনিটে দুই গোল করে ম্যাচ প্রায় শেষ করে দেয় রিয়াল। আসরে প্রথম দেখায় গ্রানাদাকে ২-০ গোলে হারানো রিয়াল এই নিয়ে লিগে টানা ১৬ ম্যাচ অপরাজিত রইলো।
মুকুট ধরে রাখতে শেষ দুই ম্যাচ জেতার পাশাপাশি আতলেতিকোর হোঁচটের প্রার্থনা করতে হবে রিয়ালকে। আগামী রোববার আতলেতিক বিলবাওয়ের মাঠে খেলার পর শেষ রাউন্ডে ভিয়ারিয়ালের বিপক্ষে ঘরের মাঠে খেলবে প্রতিযোগিতার সফলতম দলটি।