দুইদিন পর ‘বন্দিদশা’ মুক্ত টাইগাররা
প্রায় দেড় মাসের সফরে নিউজিল্যান্ড খেলতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেরা হবে। অন্য সময় হলে সবমিলিয়ে সফরটি হতো সর্বোচ্চ ১৫ দিনের। কিন্তু করোনা বাস্তবতায় সেই সফরের দৈর্ঘ্য বেড়ে হয়েছে তিনগুণ।
বুধবার বাংলাদেশ সময় ভোরে ক্রাইস্টচার্চ গিয়ে পৌঁছান টাইগাররা। করোনাভাইরাসের কারণে নিউজিল্যান্ড পৌঁছেই বাংলাদেশের ক্রিকেটারদের সোজা রুম কোয়ারেন্টাইনে প্রবেশ করতে হয়েছে। টানা দুইদিন একই ঘরে ‘বন্দি’ থাকার পর শুক্রবার বাইরে বের হওয়ার সুযোগ মিলেছে তাসকিন আহমেদ, সৌম্য সরকারদের।
ক্রাইস্টচার্চে তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদদের বর্তমান ঠিকানা ‘শ্যাডো বাই পার্ক হোটেল।’ প্রথম দুইদিন যে যার রুমেই আবদ্ধ ছিলেন। করোনা পরীক্ষা করে সবার নেগেটিভ আসায় আজ থেকে ৩০-৪০ মিনিট করে হাঁটার সুযোগ দেয়া হয়েছে। পুরোপুরি মুক্তভাবে চলাফেরা করতে অপেক্ষা করতে হবে পাক্কা ১৪ দিন।
দুইদিন ঘর বন্দি থাকার পর বাইরে বের হওয়ার পর সতেজ অনুভূতিতে রয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। সতীর্থ খেলোয়াড় সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, সাইফউদ্দিনদের সঙ্গে দেখাও করতে পেরেছেন আজ। সবমিলিয়ে আলাদা এক অনুভূতির কথাই বলেছেন তাসকিন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সরবরাহকৃত ভিডিওবার্তায় তিনি বলেন, এ রকম আইসোলেশন একটা আলাদা অভিজ্ঞতা। আগে কখনো এভাবে সময় কাটানো হয়নি। প্রায় ৪৮ ঘণ্টা পর আমরা ৩০-৪০ মিনিটের জন্য হাঁটার সুযোগ পেয়েছি। সবার মাঝে ২ মিটার দূরত্ব বজায় রাখতে হয়েছে।
তিনি আরো যোগ করেন, ভালো লাগছে যে, টানা দুইদিন একদম বন্দি রুমে থাকার পর বাইরে হাঁটার সুযোগ পেলাম। প্রথম করোনা পরীক্ষায় সবার নেগেটিভ আসার পর আমাদের হাঁটতে দিয়েছে। আরো কিছু টেস্ট বাকি আছে। এরপর আল্লাহ চাইলে আমরা অনুশীলন শুরু করতে পারব। সবমিলিয়ে আলাদা অনুভূতি পেয়েছি। যত দ্রুত অভিজ্ঞতাটা শেষ হোক, ততোই ভালো।