আকবরের সেঞ্চুরিতে ‘এ’ দলের বড় সংগ্রহ
বিসিবি প্রেসিডেন্টস কাপে খুব একটা ভালো করতে পারেননি আকবর আলী। তবে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দুই দিনের প্রস্তুতি ম্যাচে রানে ফিরেছেন তিনি। তার সেঞ্চুরির দিনে রানের পাহাড় গড়েছে আফিফ হোসেন ধ্রুবর ‘এ’ দল। প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে ৪০৬ রান তুলে ইনিংস ঘোষণা করেছে তারা।
এইচপি দলের ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের দুই দলে ভাগ করে এই প্রস্তুতি ম্যাচ আয়োজন করা হয়েছে। ‘এ’ দলের নেতৃত্ব দিচ্ছেন আফিফ হোসেন ধ্রুব এবং ‘বি’ দলে অধিনায়ক নাইম শেখ। প্রথম দিনে ব্যাট করতে নেমে বেশ ভালো সূচনা করেন ‘এ’ দলের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও শাহাদাত হোসেন দিপু। ৪৪ বলে ৩৫ রান করে তামিম ফিরে গেলে ভাঙে ৫৫ রানের উদ্বোধনী জুটি।
তামিমের বিদায়ের পর ভালো শুরু করলেও তা দীর্ঘস্থায়ী করতে পারেননি মাহমুদুল হাসান জয়। তিনি ফিরে গেছেন ৩০ রান করে। এরপর ইনিংস মেরামতের দায়িত্ব কাঁধে তুলে নেন দিপু ও আকবর আলী। দুই জনে মিলে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিতে থাকেন।
চা বিরতির পর সেঞ্চুরির খুব কাছে গিয়েও হতাশ হয়ে সাজঘরে ফেরেন দিপু। ১৬২ বলে ৯৪ রান করে আউট হন তিনি। এর মাধ্যমে ভাঙে দুজনের ১৩৭ রানের অনবদ্য জুটি।
দিপু না পারলেও উইকেট কামড়ে ধরে সেঞ্চুরি তুলে নেন আকবর। শামীম পাটওয়ারিকে সঙ্গে নিয়ে বোলারদের ওপর ছড়ি ঘোরাতে থাকেন তিনি। এই দুজনের জুটি থেকে আসে ১২০ রান। শেষ পর্যন্ত ২২০ বলে ১৩৬ রান করে আউট হন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর। অন্যদিকে ৬৭ রান করেন শামীম।
ব্যাটসম্যানদের দাপটে প্রথম দিনে ৮০ ওভারে ৪০৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় আফিফের দল। ‘বি’ দলের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন পেসার শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা ও শাহিন আলম। আর অন্য উইকেটটি নিয়েছেন নোমান চৌধুরী সাগর।
প্রথমদিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
‘এ’ দল: ৪০৬/৭ ( ওভার ৮০)
(আকবর ১৩৬, দিপু ৯৪; রেজাউর ২/৬৩,শাহিন ২/৭১)