করোনায় আক্রান্ত রোনালদিনহো
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো কিংবদন্তি রোনালদিনহো। ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় নিজেই খবরটি নিশ্চিত করেন বার্সেলোনার সাবেক এ মিডফিল্ডার।
গত শনিবার বেলো হরিজেন্তে অঞ্চলে পৌঁছান এবং সেখানেই কোয়ারেন্টাইনে আছেন ৪০ বছর বয়সী রোনালদিনহো।
ইনস্টাগ্রামে ভিডিওবার্তায় রোনালদিনহো বলেন, এক অনুষ্ঠানে অংশ নিতে কাল বেলো হরিজেন্তেয় এসে পৌঁছাই। কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছি। ভালোই আছি, শরীরে কোনো লক্ষণ নেই। এ কারণে অনুষ্ঠানে পরেও অংশ নেয়া যাবে। দ্রুতই একসঙ্গে হব আবার।
বছরটা রোনালদিনহোর জন্য মোটেও ভালো যাচ্ছে না। ভুয়া পাসপোর্ট দেখিয়ে প্যারাগুয়েতে ঢুকে গত মার্চে জেল খাটতে হয় ২০০২ বিশ্বকাপজয়ী সাবেক এ ফুটবলার এবং তার ভাইকে। ৩২ দিন জেল খাটার পর এপ্রিলে আসুনসিওনের এক হোটেলে গৃহবন্দী ছিলেন রোনালদিনহো। আগস্টে তার সাজার মেয়াদ শেষ হয়।
তখন রোনালদিনহো বলেছিলেন, এটা অনেক বড় আঘাত। কখনো ভাবিনি এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে।
ব্রাজিলের হয়ে ৯৭ ম্যাচ খেলা রোনালদিনহো স্পেন ও ইতালিতে শীর্ষস্থানীয় লিগ জয়ের পাশাপাশি পেয়েছেন চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। বার্সেলোনা, পিএসজি, এসি মিলানের মতো দলের হয়ে খেলে নিজের জাত চিনিয়েছেন।
ব্রাজিলের জার্সিতে ২০০২ বিশ্বকাপ জয়ের সঙ্গে রয়েছে কোপা আমেরিকা, কনফেডারেশনস কাপ জয়ের গৌরব তিলক। ২০০৫ সালে ব্যালন ডি’অর জয় ছাড়াও দুবার ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন রোনালদিনহো। মেসি-রোনালদোর উত্থান দেখার আগে পৃথিবী মজে থাকত রোনালদিনহোর পায়ের জাদুতেই।
ইনস্টাগ্রামে রোনালদিনহোর ভিডিও বার্তাটি দেখুন >এখানে<