ঢাকা,  শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

করোনায় আক্রান্ত সিমিওনে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২২, ১৩ সেপ্টেম্বর ২০২০
করোনায় আক্রান্ত সিমিওনে
দিয়েগো সিমিওনে

লা লিগার নতুন মৌসুমের জন্য নিজেদের প্রস্তুত করতে গত সোমবার থেকে অনুশীলনে নামে অ্যাথলেটিকো মাদ্রিদ। দলটির দারুণ পারফর্ম করার পেছনের কারিগর ও কোচ দিয়েগো সিমিওনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে মৌসুম শুরুর আগেই ধাক্কা খেল দলটি। 

মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় কাদিজের বিপক্ষে মাঠে নামবে অ্যাথলেটিকো। এই ম্যাচকে সামনে রেখেই হয়তো পরিকল্পনা সাজানোয় ব্যস্ত ছিলেন সিমিওনে। গত সোমবার থেকেই দলের সদস্যদের অনুশীলনে ছিলেন তিনি। সম্প্রতি তার কোভিড-১৯ টেস্ট করা হয়। সেখানেই সিমিওনের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে। 

ইউরোপের অন্যতম সেরা এই কোচের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে তার দল অ্যাথলেটিকো মাদ্রিদ। এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘লস অ্যাঞ্জেলস থেকে অনুশীলন শেষ করে ফেরার পর গত শুক্রবার দলের খেলোয়াড়সহ কোচিং স্টাফ এবং সাপোর্ট স্টাফদের সবার করোনা পরীক্ষা করা হয়। সেখানে একজনের ফলাফল ছিল পজিটিভ।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘পরে জানা গেছে, আমাদের দলের কোচ দিয়েগো সিমিওনে করোনায় আক্রান্ত হয়েছেন। তবে আশার খবর হচ্ছে তার শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। বর্তমানে কোয়ারেন্টাইন সময় শেষ করার জন্য তিনি নিজ বাড়িতে আইসোলেশনের রয়েছেন।’

সিমিওনের আগেও অ্যাথলেটিকো মাদ্রিদ শিবিরে করোনা হানা দিয়েছিল। চলতি মাসের শুরুতেই করোনা পজেটিভ হয়েছিলেন স্ট্রাইকার ডিয়েগো কস্তা এবং রাইট ব্যাক সান্তিয়াগো আরিয়াস। এই দুজনের কারো ভেতরেই কোনো উপসর্গ ছিল না।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!