ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

শ্রীলংকা সফর ঘিরে শঙ্কার মেঘ!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫২, ১২ সেপ্টেম্বর ২০২০
শ্রীলংকা সফর ঘিরে শঙ্কার মেঘ!
ফাইল ছবি

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চলতি মাসের শেষদিকে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলংকায় যাওয়ার কথা। তবে এই সফর উপলক্ষে এখনো লংকান বোর্ডের তরফ থেকে জৈব সুরক্ষা পরিকল্পনা ও কোয়ারেন্টাইন বিধিনিষেধ সম্পর্কিত তথ্য পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি আনুষ্ঠানিক সফর সূচি ও ভেন্যুর খবরও জানায়নি লংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)। এমতাবস্থায় শ্রীলংকা সফর নিয়ে শঙ্কার মেঘ দেখছেন অনেকেই। 

শ্রীলংকার বিপক্ষে সিরিজ দিয়েই দীর্ঘ প্রায় ৭ মাস পর ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। এই কারণে শুরুতে বাংলাদেশ ক্রিকেটে উৎসবের ভাব ছিল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেখানে কিছুটা ভাটা পড়েছে। এর অন্যতম কারণ বায়ো বাবল তথা জৈব সুরক্ষিত পরিবেশ।

শুরুতে জানানো হয়েছিল, শ্রীলংকা গিয়ে বাংলাদেশ দলকে কোয়ারেন্টাইনে থাকতে হবে না। করোনা পরীক্ষা করিয়ে সেটার নেগেটিভ ফলাফল এলে তখনই অনুশীলনে নামার ছাড়পত্র পাবে। কিন্তু লংকান সরকারের কড়া নির্দেশ, বাইরের দেশ থেকে কেউ সেদেশে গেলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইন মানতেই হবে। এই নিয়মের অন্তর্ভূক্ত থাকবে বাংলাদেশ দলও। 

এর আগে বিসিবি কোয়ারেন্টাইনের মেয়াদ শিথিল করতে এসএলসিকে অনুরোধ জানিয়েছিল। কারণ ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকলে মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটি অনুশীলন করার সুযোগ পাবে না। কিন্তু দেশ ছাড়ার সময় ঘনিয়ে এলেও এই ইস্যুতে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি শ্রীলংকা। ফলে বিপাকে পড়েছে বিসিবি। সফর সংক্রান্ত অনেক প্রক্রিয়াই সিদ্ধান্তের অভাবে আটকে আছে।

এই প্রসঙ্গে ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেছেন, ‘আমরা শুনেছি যে, শ্রীলংকার সুরক্ষা সংস্থাগুলো পরামর্শ দিয়েছে অনুশীলনের কোন ব্যবস্থা ছাড়াই সেখানে আমাদের ১৪ দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে। বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা এমন আরো অনেক কিছুই শুনছি।’

তিনি আরো বলেন, ‘সমস্যা হচ্ছে তারা আনুষ্ঠানিকভাবে জৈব সুরক্ষা পরিকল্পনা এবং ভ্রমণ নির্দেশনার বিষয়টি পরিষ্কার করছে না। আমরা তাদের পরিকল্পনা ও সূচি হাতে পাওয়ার পরই কেবলমাত্র আসন্ন শ্রীলংকা সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আশা করছি কয়েকদিনের মাঝে সেটা পেয়ে যাব।’

এই বিষয়ে দুই বোর্ডের মতের অমিল হলে লংকা সফর ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন কিছু ক্রিকেট বিশ্লেষক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো কিছুদিনের মাঝেই জানা যাবে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!