ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
মেসির বার্সা ছাড়ায় সুয়ারেজের হাততালি
দল ছাড়ার কথা বার্সেলোনাকে জানিয়ে দিয়েছেন মেসি। এরইমধ্যে ক্লাব কর্তৃপক্ষকে সিদ্ধান্তটি জানিয়ে চিঠিও দিয়েছেন। আর এ ঘটনার পরই লিওনেল মেসিকে সোস্যাল মিডিয়ায় পুরোপুরি সমর্থন জানিয়ে হাততালি দিয়েছেন লুইস সুয়ারেজ।
মঙ্গলবার রাতে বাার্সর সাবেক অধিনায়ক কার্লোস পুয়োল টুইটে লিখেছেন, লিও, তোমার প্রতি শ্রদ্ধা ও সম্মান। সব সময়ই সমর্থন থাকবে, বন্ধু। আর পুয়োলের ওই টুইটের রিপ্লাইয়ে হাততালির ইমোজি দিয়েছেন লুইস সুয়ারেজ এবং সেটি নিজের ওয়ালে শেয়ার করেছেন।

এর আগে গতকাল একটা ফোন কলেই বার্সা থেকে লুইস সুয়ারেজকে বিদায় বলে দিয়েছেন নতুন কোচ রোনাল্ড কোম্যান। উরুগুইয়ান এই তারকার সঙ্গে মাত্র এক মিনিট ফোনালাপ করেন সাবেক ডাচ কোচ। সেখানেই তিনি জানিয়ে দেন, তার পরিকল্পনায় নেই সুয়ারেজ। এটা জানার পর সুয়ারেজ ক্ষোভে ফেটে পড়েন বলে জানিয়েছে স্পেনের সংবাদমাধ্যমগুলো।
বার্সার সঙ্গে সুয়ারেজের এখনো এক বছরের চুক্তি রয়েছে। বার্সার সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় এই স্ট্রাইকার রয়েছেন তিন নম্বরে। কাতালান ক্লাবের হয়ে ১৯৮ গোল করা সুয়ারেজ বর্তমান দলের খেলোয়াড়দের তালিকায় রয়েছেন মেসির পরেই।
এদিকে মেসির বার্সেলোনা ছাড়ার সংবাদে কাতালান ক্লাবটির বর্তমান প্রেসিডেন্ট জোজেপ মারিয়া বার্তোমেউর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন সমর্থকরা।