আইসিসির হল অব ফেমে নতুন তিন মুখ
ক্রিকেটে অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ প্রতি বছরই কিংবদন্তি ক্রিকেটারদের হল অব ফেমের অন্তর্ভূক্ত করে থাকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলতি বছর নতুন করে আরো তিনজনকে সম্মানজনক এই তালিকার অন্তর্ভূক্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তারা হলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, অস্ট্রেলিয়ার লিসা স্টালেকার ও পাকিস্তানের জহির আব্বাস।
জ্যাক ক্যালিস আন্তর্জাতিক টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই ১০ হাজার রান ও দুই শতাধিক উইকেট লাভ করেছেন। টেস্ট ফরম্যাটে রেকর্ড ২৩ বার ম্যান অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেয়েছেন এই অলরাউন্ডার। এছাড়া টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
অজি নারী ক্রিকেটার লিসা স্টালেকার ২০০৫ ও ২০১৩ সালে বিশ্বকাপ জিতেছেন। এছাড়া ২০১০ ও ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছেন তিনি। ইতিহাসের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে এক হাজার রান ও ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন এই অলরাউন্ডার।
আইসিসির চলতি বছরের হল অব ফেমে জায়গা পাওয়া জহির আব্বাসকে রান মেশিন নামেও ডাকা হতো। আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৫ ম্যাচে সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার তিনি। একমাত্র এশিয়ান ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০টি শতক হাঁকিয়েছেন এই পাকিস্তানি ক্রিকেটার।