ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

‘মেসি না থাকলে বার্সেলোনার নাম বদলাতে হবে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩০, ১৮ আগস্ট ২০২০
‘মেসি না থাকলে বার্সেলোনার নাম বদলাতে হবে’
মেসির সঙ্গে ইতো

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে লজ্জাজনক পরাজয়ের পর থেকেই গুঞ্জন উঠেছে চলতি মৌসুম শেষে ক্লাব ছেড়ে চলে যেতে চান লিওনেল মেসি। এদিকে মেসিকে নিজেদের ডেরায় নিতে সম্ভাব্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ক্লাব ম্যানচেস্টার সিটি। এমতাবস্থায় মেসি দলে না থাকলে বার্সেলোনা ক্লাবের নাম পাল্টাতে হবে বলে মন্তব্য করেছেন স্যামুয়েল ইতো। 

মেসির ক্যারিয়ারের শুরু থেকে প্রথম পাঁচ বছর একসঙ্গে বার্সেলোনায় খেলেছেন ইতো। মেসির উঠতি সময়ে আন্তর্জাতিক অঙ্গনে রীতিমতো তারকা ছিলেন তিনি। বলা যায় মেসিকে গড়ে তোলার পিছনে ক্যামেরুনের সাবেক এই ফরোয়ার্ডের বিশেষ ভূমিকা রয়েছে। 

সম্প্রতি আর্জেন্টাইন টিভি চ্যানেল টিওয়াইসি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে ইতো বলেন, ‘আমি মেসিকে একদম নিজের ছেলের মতো ভালোবাসি। সবসময় তার জন্য সেরাটাই চাই। আমি মনে করি মেসিই বার্সেলোনা। যদি সে বার্সেলোনা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে ক্লাবের নামও বদলে দিতে হবে।’

মেসিকে সর্বকালের সেরা খেলোয়াড় মনে করেন ইতো। সাবেক এ তারকা ফরোয়ার্ড আরো বলেন, ‘আমরা সৌভাগ্যবান যে আমাদের দলে বিশ্বের সবসময়ের সেরা খেলোয়াড় রয়েছে। মেসি যেনো বার্সেলোনাতে নিজের ক্যারিয়ার শেষ করতে পারে সেজন্য আমাদেরই সম্ভাব্য সবকিছু করতে হবে।’

আগামী মৌসুমের জন্য বার্সাকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে ইতো বলেন, ‘আমি চাই বার্সেলোনা এই হার থেকে ঘুরে দাঁড়াক এবং পরের মৌসুমের জন্য নতুন করে স্বপ্ন বুনতে শুরু করুক। আমার মনে হয় নেতৃত্ব দেয়ার সময়ও কিছু চাপ প্রয়োগ করা উচিৎ। আশা করব বার্সেলোনার নীতিনির্ধারকরা ক্লাবটির জন্য ভালো কিছু সিদ্ধান্ত নেবে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!