[ খেলা ]
বার্সেলোনার নতুন কোচ হচ্ছেন রোনাল্ড কোম্যান
রোনাল্ড কোম্যান
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে পর্যুদস্ত হওয়ার পরই জানা গিয়েছিল বার্সেলোনায় শেষ হতে চলেছে কিকে সেতিয়েন পর্ব। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও সেতিয়েনের বিদায়ের বিষয়টি এর আগে নিশ্চিত করেছেন বার্সা সভাপতি। এবার জানা গেল কে হতে চলেছেন সেতিয়েনের উত্তরসূরি। সাবেক বার্সা কিংবদন্তি ও বর্তমান নেদারল্যান্ড কোচ রোনাল্ড কোম্যান কাতালান দলটির নতুন কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। তিনি অনেকবার বার্সেলোনার ভেতরের খবর আগেই প্রকাশ করেছেন। নেইমারের বার্সা ছাড়াসহ দলটির অনেক গুরুত্বপূর্ণ খবর অন্যদের আগেই প্রকাশ করায় বেশ জুড়ি রয়েছে এই সাংবাদিকের।
কোচ হিসেবে বেশ অভিজ্ঞ কোম্যান। এর আগে আয়াক্স, বেনফিকা, ভ্যালেন্সিয়া, সাউথাম্পটন, এভারটন, এজেড, ফেইনোর্ড, পিএসভি এবং নেদারল্যান্ড জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এই সাবেক ফুটবলার।
বার্সার দায়িত্ব নেয়ার জন্য ডাচ দলের কোচের পদ ছাড়ছেন তিনি। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!