ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

‘এখনই বার্সেলোনা ছাড়তে চান মেসি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৬, ১৭ আগস্ট ২০২০
‘এখনই বার্সেলোনা ছাড়তে চান মেসি’
লিওনেল মেসি

বার্সেলোনার সময়টা বড্ড খারাপ যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে উড়ে যাওয়ার পর থেকেই পরিবর্তনের হাওয়া শোনা যাচ্ছে কাতালান ক্লাবে। অনেকেই আশঙ্কা করছেন, কিছুদিনের মাঝেই বড় কোনো ঝড় যাবে বার্সেলোনার ওপর দিয়ে। সেই ঝড়ের একটি হল দল ছেড়ে যাবেন লিওনেল মেসি। প্রথমে ২০২১ সালে দল ছাড়ার কথা শোনা গেলেও এবার জানা গেছে এখনই ক্লাব ছাড়তে চাচ্ছেন বর্তমান বার্সা অধিনায়ক। 

মূলত বার্সেলোনার বোর্ড কর্তাদের ওপর চরম বিরক্ত মেসি। অবশ্য বিষয়টা নতুন কিছু নয়। তবে সবশেষ কিছু ম্যাচের পারফরম্যান্সের পর এই বিরক্তি বেড়ে গেছে বহুগুণ। বিশেষ করে বায়ার্নের বিপক্ষে লজ্জাজনক হারের পর মেসি আর ডুবন্ত বার্সার হাল ধরে রাখার আগ্রহ পাচ্ছেন না বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। 

তবে এতকিছুর মাঝেও শোনা যাচ্ছিল ২০২১ সালে চুক্তির মেয়াদ শেষ হলে তারপরই বার্সা ছাড়বেন মেসি। কিন্তু এখন এতদিন অপেক্ষা করতে রাজি নন বলে জানিয়েছেন প্রখ্যাত ইউরোপিয়ান সাংবাদিক মার্সেলো বেকলার। তিনি জানিয়েছেন, এখনই বার্সেলোনা ছেড়ে নতুন ক্লাবে পাড়ি জমাতে চান মেসি। 

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘মেসি বার্সেলোনাকে বলেছেন এই গ্রীষ্মেই তিনি ক্লাব ছাড়তে চান। শুধুমাত্র ক্লাবের ভালো দল গড়ার পরিকল্পনা আছে এমন প্রমাণ পেলে তিনি তার সিদ্ধান্ত বদলাতে পারেন। আমাকে ক্লাবের এক সূত্র জানিয়েছে, এর আগে কখনোই মেসির মাঝে ক্লাব ছাড়ার এমন তীব্র ইচ্ছা দেখা যায়নি।’ 

এস্পোর্তে ইন্তেরাতিভো ও রেডিও ইতাতিয়াইয়ার সাংবাদিক হিসেবে কাজ করছেন বেকলার। বার্সেলোনার একদম হাঁড়ির খবর বের করে আনার ক্ষেত্রে তার বেশ সুনাম রয়েছে। তিনিই ২০১৭ সালে নেইমারের বার্সেলোনা ছাড়ার খবরটি দিয়েছিলেন। ফলে বেকলারের এমন তথ্যকে মোটেই উড়িয়ে দেয়া যাচ্ছে না। 

তবে শেষমেশ ক্লাব আদৌ ছাড়বেন কি না, সে নিয়ে সন্দেহ থাকাটাই স্বাভাবিক। তবে এ কথা নিশ্চিত, বার্সার কর্তাব্যক্তিদের একটা হুঁশিয়ারি দিতে চাইছেন এই তারকা। বার্সেলোনা সমর্থকেরা মনপ্রাণ দিয়ে চাইবেন, ব্যাপারটা যেন হুঁশিয়ারির পর্যায়েই থাকে!

বার্সেলোনা সমর্থকেরা একটা দিক দিয়ে অন্তত একটু আশার আলো খুঁজে নিতে পারেন। এই বেকলারই গত মৌসুমে বলেছিলেন, নেইমারের বার্সায় আসা নিশ্চিত। সেটা শেষমেশ হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!