ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

যুব বিশ্বকাপের লক্ষ্যে আগস্টেই ইয়ং টাইগার্সদের কন্ডিশনিং ক্যাম্প

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৮, ৩০ জুলাই ২০২০
যুব বিশ্বকাপের লক্ষ্যে আগস্টেই ইয়ং টাইগার্সদের কন্ডিশনিং ক্যাম্প
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল -ফাইল ফটো

ওয়েস্ট ইন্ডিজে ২০২২ সালে বসতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরবর্তী আসর। সে লক্ষ্যে কন্ডিশনিং ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। ১৬ আগস্ট থেকে বিকেএসপিতে ইয়ং টাইগার্সের নতুন ব্যাচকে এই কন্ডিশনিং ক্যাম্পে ডাকা হবে। ক্যাম্পের জন্য প্রাথমিক দলে আছেন ৪৫ জন খেলোয়াড়।

ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এএম কাওসার জানান, সেখান থেকে পরে খেলোয়াড় সংখ্যা কমিয়ে ২৫ থেকে ৩০ জনে নামিয়ে আনা হবে। চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী যুব বিশ্বকাপে অংশ নেয়ার জন্য এবার ব্যাপক প্রস্তুতি নিয়ে দল পাঠানোর উপর জোর দিচ্ছে বিসিবি। অনূর্ধ্ব-১৯ দলের নতুন এই দলটির জন্য সঠিক অনুশীলন সূচি প্রণয়ন করতে চায় তারা।

কোভিড-১৯ এর মাহামারিতে কয়েক মাস বসে সময় কাটাতে হয়েছে। কাওসার বলেন এখন তাদের লক্ষ্য ওই ঘাটতিটুকু পুষিয়ে আনা।  ‘আমরা এরইমধ্যে ৪৫ জনকে ক্যাম্পের জন্য নির্বাচন করেছি। পরে ওই সংখ্যা ২৫ থেকে ৩০ জনে নামিয়ে আনা হবে’।

‘ওয়ানডে ও চারদিনের ম্যাচের দল গঠনের লক্ষ্যে এবার চুড়ান্ত তালিকায়ও খেলোয়াড় সংখ্যা বেশী রাখা হবে। বিকেএসপিতেই আমরা এই ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করছি। সেখানে যদি সম্ভব না হয়, তাহলে আমরা অন্য ভেন্যুর কথা চিন্তা করবো।

আপনারা জানেন যে বিকেএসপির সুযোগ সুবিধাগুলো খেলোয়াড়দের জন্য একেবারেই নিখাদ। আর এই মহামারিকালে আবাসিক অনুশীলন ক্যাম্প পরিচালনার জন্য সেটিই হচ্ছে সেরা স্থান। এখন দেখা যাক কি হয়’।

প্রশিক্ষন ক্যাম্প শুরুর আগে আগামী ১৬ আগস্ট সব খেলোয়াড়ের স্বাস্থ্য পরীক্ষা করাবে বিসিবি। 

তিনি বলেন,‘অনূর্ধ্ব-১৯ এর নতুন এই ব্যাচের জন্য আমরা কিছু সফর সূচি আদান প্রদানের পরিকল্পনা করেছি। বিশ্বকাপের আগে দলটি কি পরিমান ম্যাচ খেলবে সেটি নিয়েও আরেকটি পরিরকল্পনা ছিল। কিন্তু মহামারির কারণে এ সব পরিকল্পনা বাতিল হয়ে গেছে। তবে এ ক্ষেত্রে কিছুই করার নেই। এখন আমরা ওই সব সফর পুন:নির্ধারনের চেস্টা করছি। এই জন্য বিভিন্ন বোর্ডের সঙ্গে যোগাযোগ শুরু করেছি। আশা করি আগামী কিছুদিনের মধ্যে এর অগ্রগতি জানা যাবে’।

গত বিশ্বকাপে সবাইকে বিস্মিত করেছে আকবর আলী এন্ড কোম্পানী। শক্তিশালী ভারতকে তিন উইকেটে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জয় করেছিল বাংলাদেশের যুবারা। 

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!