ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

প্রতিপক্ষকে নিয়ে চিন্তিত জিদান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৭, ১৩ জুলাই ২০২০
প্রতিপক্ষকে নিয়ে চিন্তিত জিদান
জিনেদিন জিদান

স্প্যানিশ লা লিগায় শিরোপার সুবাস বেশ ভালোভাবেই পাচ্ছে রিয়াল মাদ্রিদ। লিগের বাকি থাকা ম্যাচগুলোতে না হারলেই বলা চলে শিরোপার স্বাদ পেতে পারে জিদানের দল। সোমবারের ম্যাচে জয় পেলে নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট এগিয়ে যাবে তারা। এমতাবস্থায় পয়েন্ট নয়, শুধুই প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করছেন রিয়াল কোচ।

সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় গ্রানাদার বিপক্ষে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। মৌসুমে এটি লস ব্লাঙ্কোসদের ৩৬তম ম্যাচ। বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে এক ম্যাচ কম খেলে ১ পয়েন্টে এগিয়ে শীর্ষে রয়েছে জিদানের দল।

এত ভালো অবস্থানে থাকলেও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন জিদান। বরং মৌসুমের শেষভাগে এসে আরো বেশি সাবধানী এই ফরাসি কোচ। ম্যাচের আগের দিন রোববার এমন কথাই জানিয়েছেন তিনি। বিশ্বকাপজয়ী সাবেক এ ফুটবলার বলেন, এটা শেষ সপ্তাহ। আর মাত্র তিন ম্যাচ খেলা বাকি। লিগের এই ধাপটা সবচেয়ে কঠিন, কারণ এটা মৌসুমের শেষভাগ এবং খুব গুরুত্বপূর্ণ সময়।

তিনি আরো বলেন, সব দলই কিছু না কিছুর জন্য লড়াই করছে। আমরা আগামীকাল (সোমবার) ভালো পারফরম্যান্স করতে চাই। সর্বশক্তি দিয়েই গ্রানাদার বিপক্ষে লড়তে চাই। আমি এখন তিনটি ম্যাচ নিয়ে ভাবছি না। আপাতত আমার পূর্ণ মনোযোগ, সব চিন্তা কেবল গ্রানাদা ম্যাচে।

জিদান যোগ করেন, এটা পয়েন্ট হিসেবের বিষয় নয়। আমাদের মূল কাজ মাঠে নামা আর কেবল গ্রানাদার ওপর নজর দেওয়া। দলের সবাই শুধু আগামীকালের (সোমবার) ম্যাচ নিয়ে ভাবছি। এভাবেই এগোতে চাই আমরা। মৌসুম শেষে যে দলের পয়েন্ট সবচেয়ে বেশি থাকবে সেই দলই তো লিগ জিতবে, এটাই শেষ কথা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!