ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ব্যাটসম্যানদের থেকে বড় স্কোরের আশা সিমন্সের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪২, ২৭ জুন ২০২০
ব্যাটসম্যানদের থেকে বড় স্কোরের আশা সিমন্সের
ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স

মহামারি করোনাভাইরাস সংকট কাটিয়ে মাঠে ফিরছে ক্রিকেট। ইংল্যান্ড-উইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেটের নতুন যাত্রার শুরু হবে। আর সিরিজে বাটসম্যানদের কাছ থেকে ভালো শুরু আশা করছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স। ইংল্যান্ডের দুর্দান্ত পেস অ্যাটাকের বিপক্ষে ব্যাটসম্যানদের কাছ থেকে বড় স্কোর আশা করছেন তিনি। 

গত বছর দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ইংল্যান্ডের মাটিতে ১৯৮৮ সালের পর থেকে তারা কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি। সিমন্স জানান, অনুশীলনে ব্যাটসম্যানরা নিজেদের ভালো ফর্ম প্রদর্শন করেছেন এবং অনুশীলন ম্যাচটি একাদশ সাজাতে বড় ভূমিকা রাখবে।

তিনি বলেন, ‘অতীতে আমরা অনেক সফরেই প্রথম ম্যাচে সত্যিকারার্থেই ভালো শুরু করেছি। এবারও সেটা ধরে রাখতে চাই এবং নিশ্চিত করতে হবে সাউদাম্পটনে মাঠে নামার জন্য আমরা প্রস্তুত। অধিকাংশ সিনিয়র খেলোয়াড় বেশ অভিজ্ঞ ব্যাটসম্যান। আমি মনে করি, মানসিকভাবে তারা বেশ শক্ত আছে। এখন শুধুমাত্র আমাদের দক্ষতা অনুযায়ী মাঠে পারফরম্যান্স করা দরকার’।

আসন্ন সিরিজে স্পটলাইটে থাকবেন দুই দলের দুই অল-রাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের হোল্ডার ও ইংল্যান্ডের বেন স্টোকস। সিমন্স বলেন, ‘এখানে প্রতিদ্বন্দ্বিতা সব সময়ই আছে। কারণ, বেন সর্বদা এক নম্বর খেলোয়াড় হতে চান এবং হোল্ডারও তা চায়। তারা সবদিক দিয়েই প্রতিন্দ্বন্দিতা করে, তাই আমি আশা করি এই সিরিজে দুর্দান্ত প্রতিন্দ্বন্দিতা হবে’।

ওয়েস্ট ইন্ডিজের পেস অ্যাটাকে আছেন অধিনায়ক জেসন হোল্ডার, কেমার রোচ, শানন গ্যাব্রিয়েল ও আলজারি জোসেফ। ওয়েস্ট ইন্ডিজের এই পেস অ্যাটাক প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তত। কারণ বিগত টেস্ট ম্যাচেই সেই পরীক্ষায় সফল তারা। তবে বিগত বছরগুলোতে বড় রানের জন্য লড়াই করতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের।

আগামী ৮ জুলাই থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। তার আগে নিজেদের মধ্যে দুটি দলে বিভক্ত হয়ে তারা একটি ৩ দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!