ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

লিটন-তামিমের রেকর্ড জুটির পর বৃষ্টির বাধা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৩, ৬ মার্চ ২০২০
লিটন-তামিমের রেকর্ড জুটির পর বৃষ্টির বাধা
তামিম ইকবাল ও লিটন দাস

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীতে এরইমধ্যে শতক তুলে নিয়েছেন ওপেনার লিটন দাস। শতকের পথে আছেন আরেক ওপেনার তামিম ইকবালও। রেকর্ডগড়া উদ্বোধনী জুটিতে বিশাল সংগ্রহের পথে টাইগাররা। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৮২ রান। ১১৬ বলে ১০২ রানে ব্যাট করছেন লিটন। অপরপ্রান্তে তামিমের সংগ্রহ ৭৯ রান। 

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। আনুষ্ঠানিকতার এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের ইনিংস উদ্বোধন করেন তামিম ইকবাল ও লিটন দাস। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকেন দুজন। তাদের ব্যাটে নবম ওভারেই দলীয় ফিফটি পূরণ করে টাইগাররা।

দুর্দান্ত সব ক্রিকেটীয় শটের ফুলঝুরি ছুটিয়ে অর্ধশতক তুলে নেন দুইজনই। ৫৪ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি হাঁকান লিটন। অপরপ্রান্তে ৪৮তম ফিফটি পূরণ করতে তামিম খেলেন ৬০ বল। 

জিম্বাবুয়ের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ১১৪ বলে ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নিয়েছেন লিটন দাস। এর মধ্য দিয়ে ২২তম টাইগার ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। 

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে উদ্বোধনী জুটিতে ১৮২ রান যোগ করেছেন লিটন-তামিম। এর মধ্য দিয়ে দেশের হয়ে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের আগের রেকর্ড ভেঙে দিলেন তারা। তারা ভেঙেছেন ২১ বছর আগে গড়া শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও মেহরাব হোসেন অপির ১৭০ রানের রেকর্ড। সে রেকর্ডটিও ছিলো এই জিম্বাবুয়ের বিপক্ষেই, ঢাকায়। 

ডেইলি-বাংলাদেশ/এম/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!