ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিজ্ঞান বিস্ময় ]

আলুর ব্যাটারি দিয়ে কি স্মার্টফোন চার্জ দেওয়া সম্ভব?

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৮, ১৯ অক্টোবর ২০২৬
আলুর ব্যাটারি দিয়ে কি স্মার্টফোন চার্জ দেওয়া সম্ভব?
কিছু ফল ও সবজির ভেতর বিদ্যুৎ চলে কীভাবে? ছবি- সংগ্রহীত

স্কুল-কলেজের বিজ্ঞান মেলায় আলুর সাহায্যে ছোট বাতি জ্বালানোর দৃশ্য আমরা অনেকেই দেখেছি। তরকারিতে ব্যবহৃত অতিসাধারণ এই সবজি কীভাবে বিদ্যুৎ উৎপাদন করে, তা নিয়ে অনেকের মনেই কৌতুহল জাগে।

বিজ্ঞানের দৃষ্টিতে, আলু নিজে সরাসরি কোনো বিদ্যুৎ তৈরি করে না; বরং এর ভেতরে থাকা রাসায়নিক উপাদান ও আয়নের সাহায্যে ধাতুর সংযোগে বিদ্যুৎ প্রবাহ তৈরি হয়।

পরিবাহী মূলত দুই ধরনের—ধাতব পরিবাহী (যেমন তামা, রুপা বা অ্যালুমিনিয়াম) এবং আয়নিক পরিবাহী। মানবদেহের টিস্যু কিংবা আলু ও বিভিন্ন ফলমূল মূলত আয়নিক পরিবাহী হিসেবে কাজ করে। পেন স্টেট ইউনিভার্সিটির ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মাইকেল হিকনার জানান, লবণের দ্রবণ যেভাবে মুক্ত আয়নের মাধ্যমে সার্কিট পূর্ণ করে, ফল ও সবজিও ঠিক সেভাবেই বিদ্যুৎ পরিবহন করে।

যেসব ফল বা সবজিতে সোডিয়াম ও পটাশিয়ামের মতো আয়ন বেশি থাকে, সেগুলো বিদ্যুৎ বহনে বেশি কার্যকর। তবে সব ফল বা সবজি সমানভাবে কাজ করে না। উদাহরণস্বরূপ, কমলালেবুতে প্রচুর পটাশিয়াম থাকলেও এর ভেতরের কোষীয় দেয়াল আয়ন চলাচলে বাধা সৃষ্টি করে। অন্যদিকে টমেটো বেশি রসালো ও অগোছালো হওয়ায় তা খুব একটা উপযুক্ত নয়। সেই তুলনায় আলুর ভেতরের শক্ত গঠন আয়ন চলাচলের জন্য বেশ উপযোগী। বিজ্ঞানীদের মতে, পরীক্ষা করার আগে আলুকে কিছুক্ষণ লবণ-পানিতে ভিজিয়ে রাখলে এর বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বহুগুণ বেড়ে যায়।

তবে কোনো আলু বা ফল একা একা বিদ্যুৎ উৎপন্ন করতে পারে না। এর জন্য প্রয়োজন হয় দুটি ভিন্ন ধাতুর ইলেকট্রোড, যেমন—তামা ও জিংক (দস্তা)। আলুর ভেতর তামার মুদ্রা ও জিংকের পেরেক পুঁতে বাইরে থেকে তার দিয়ে যুক্ত করলে একটি পূর্ণাঙ্গ ইলেকট্রিক সার্কিট তৈরি হয়। ধাতুর বৈষম্য ও আলুর ভেতরের তরল ইলেক্ট্রোলাইটের রাসায়নিক বিক্রিয়ায় বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু করে।

তবে আলুর ব্যাটারি দিয়ে ফোন বা বড় কোনো ডিভাইস চার্জ দেওয়া সম্ভব নয়। একটি আলু থেকে সর্বোচ্চ ১.২ ভোল্টের মতো খুব সামান্য বিদ্যুৎ পাওয়া যায়। যা দিয়ে ছোট একটি এলইডি বাল্ব জ্বালানো গেলেও মোবাইল ফোন চার্জ দেওয়ার মতো পর্যাপ্ত ভোল্টেজ পাওয়া সম্ভব নয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!