রোববার গুরুত্বপূর্ণ সভায় বসছে বিসিবি
দেশের ক্রিকেট এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ব্যস্ত। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তো শুধু বিপিএল নিয়ে বসে থাকলেই তো চলবে না। সামনে পাকিস্তান সিরিজ আছে, টাইগারদের বোলিং কোচের পদও শূন্য। এছাড়া নতুন বছরে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির নবায়ন করতে হবে। এসব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে আগামীকাল (রোববার) বোর্ড সভায় বসছে বিসিবি।
শুধু উপরোল্লোখিত বিষয়ই নয়, আলোচ্য সভায় ফেব্রুয়ারিতে সম্ভাব্য জিম্বাবুয়ে সিরিজ হবে কি না, ঘরোয়া ক্রিকেট ও অন্যান্য আরো অনেক ইস্যুও প্রাধান্য পাবে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে রোববার দুপুর ২টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন বছরের প্রথম সভাটি অনুষ্ঠিত হবে।
সভার অন্যান্য বিষয়ের চেয়ে সবার আগ্রহের কেন্দ্রে থাকবে পাকিস্তান সিরিজ সম্পর্কিত ঘোষণা। কারণ বিষয়টি এখন শুধুই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ নেই। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত হওয়ায় গোটা ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে এই সিরিজ। এই সফর উপলক্ষে প্রেসিডেনশিয়াল নিরাপত্তা রক্ষীদের নিয়োগ দিচ্ছে পিসিবি। কিন্তু বিসিবি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চাইছে না। শেষ পর্যন্ত টাইগাররা পাকিস্তানে যাবে কি না তা জানা যেতে পারে কালকের বোর্ড সভা শেষেই।
এরপর গুরুত্ব পেতে পারে টাইগারদের চুক্তির বিষয়টি। ২০২০ সালে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে চলেছেন সব ধরনের ক্রিকেট থেকে আইসিসি’র নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান।
এর আগে গেল বছরের কেন্দ্রীয় চুক্তিতে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ছিলেন পাঁচ সিনিয়র ক্রিকেটার- মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ‘এ’ ক্যাটাগরির তিন ক্রিকেটার ছিলেন যথাক্রমে ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
এরপর ‘বি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছিলেন মুমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। এছাড়া ‘রুকি’ ক্যাটাগরিতে রাখা হয়েছিল আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান ও খালেদ আহমেদকে।
নতুন চুক্তিতে এদের অনেকেই বাদ পড়তে পারেন। একইসঙ্গে দেখা যেতে পারে নতুন কিছু মুখ।