রং ফর্সাকারী ক্রিমে ক্ষতিকর উপাদান পেল বিএসটিআই
দেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিমে বিজজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান পারদ (মার্কারি) ও হাইড্রোকুইনোন-এর উপস্থিতি পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বিএসটিআই এর ল্যাবরেটরিতে পরীক্ষায় বিভিন্ন ব্র্যান্ডের রং ফর্সাকারী ১৩টি ক্রিমের মধ্যে ছয়টি স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রায় মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পারদ (মার্কারি) পাওয়া গেছে। পাশাপাশি দুইটি ব্র্যান্ডের ক্রিমে পারদ (মার্কারি) এবং হাইড্রোকুইনোন, উভয়ই পাওয়া গেছে। বিএসটিআই’র নিয়মিত সার্ভিল্যান্স টিমের মাধ্যমে বাজার থেকে এসব ব্র্যান্ডের পণ্য ক্রয় করে পরীক্ষা করা হয়।
পরীক্ষায় পাকিস্তানের গৌরী কসমেটিকস (প্রা.) লিমিটেডের গৌরী ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ৭৫৫.৮৫ পিপিএম, পাকিস্তানের এস. জে এন্টারপ্রাইজের চাঁদনী ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ৬২৯.৯৬ পিপিএম, পাকিস্তানের কিউ. সি ইন্টারন্যাশনাল এর নিউ ফেস ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ৫৯০.৩৮ পিপিএম, পাকিস্তানের ক্রিয়েটিভ কসমেটিকস (প্রা.) লিমিটেডের ডিউ ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ২৮৫.৮৮ পিপিএম, পাকিস্তানের গোল্ডেন পার্ল কসমেটিক্স প্রাইভেট লিমিটেডের গোল্ডেন পার্ল ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ৬৫৪.১৩ পিপিএম, পাকিস্তানের পুনিয়া ব্রাদার্স (প্রা.) লিমিটেডের ফাইজা ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ৫৯০.৪৫ পিপিএম, পাকিস্তানের নুর গোল্ড কসমেটিকসের নুর ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ১৯৩.৬৮ পিপিএম ও হাইড্রোকুইনোনের মাত্রা ১৯৮০.৬৮ পিপিএম এবং পাকিস্তানের হোয়াইট পার্ল কসমেটিকসের হোয়াইট পার্ল প্লাস ব্র্যান্ডের স্কিন ক্রিমে মার্কারির মাত্রা ৯৪৮.৯৩ পিপিএম ও হাইড্রোকুইনোনের মাত্রা ৪৩৪.৭৩ পিপিএম পাওয়া গেছে।
এ প্রসঙ্গে বিএসটিআই’র কর্মকর্তারা জানান, মার্কারি (পারদ) ও হাইড্রোকুইনোনযুক্ত এসব ক্রিম দীর্ঘদিন ব্যবহার করলে বিভিন্ন ধরনের চর্মরোগসহ শরীরে নানা ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে।
উল্লেখ্য, স্কিন ক্রিমের সংশ্লিষ্ট বাংলাদেশ মান (বিডিএস ১৩৮২:২০১৯)-এ মার্কারির গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা ১ পিপিএম এবং হাইড্রোকুইনোনের গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা ৫ পিপিএম।
এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে অনতিবিলম্বে মাত্রাতিরিক্ত পারদযুক্ত এসব রং ফর্সাকারী ক্রিম বিক্রি-বিতরণ বন্ধ করতে সোমবার একটি নির্দেশ জারি করেছে বিএসটিআই। পাশাপাশি এসব ক্রিম ব্যবহার করা থেকে বিরত থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।