ইতিহাসের চোখে কারবালা (পর্ব-১)
‘ইসলাম জিন্দা হোতে হে হার কারবালা কে বাদ’ অর্থাৎ ইসলাম জীবন্ত হয় প্রতিটি কারবালার মাঝ দিয়েই। কবির এ পংক্তিমালাটিই অনুভবে জানান দিয়ে যায় কারবালার মর্ম ও ইতিহাস। এ এক ইসলামের মর্মান্তিক ইতিহাস। এ ইতিহাস বড় নির্মম ইতিহাস। মিথ্যার সঙ্গে সত্যের লড়াইয়ের ইতিহাস।
কারবালার ইতিহাস ইসলামি ইতিহাসের একটি বর্বর ইতিহাস, যেখানে নির্মমভাবে হত্যা করা হয় বিশ্বনবী হজরত মোহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.)-কে।
হজরত মোহাম্মদ (সা.) মক্কা হতে মদিনা গমনের পরবর্তী ৪র্থ হিজরিতে নবী কন্যা হজরত ফাতেমা (রা.) এবং ইসলামের চতুর্থ খলিফা হজরত ইমাম আলী (রা.) এর কোল জুড়ে পৃথিবীতে আগমন ঘটে হজরত ইমাম হোসাইন (রা.) এর। স্বয়ং নবী কারীম (সা.) তাঁর কানে প্রথম আজান দেন এবং তাঁর আকীকা পালন করেন। নবীজীর (সা.) কাছে তাঁর দুই দৌহিত্র ইমাম হাসান এবং হোসাইন ছিলেন অত্যন্ত প্রিয়। তাঁদের দেখার নিমিত্তে প্রায় তাঁদের ঘরে যেতেন, তাঁদের খেলতে দেখে প্রীত হতেন এবং বুকের সঙ্গে লাগিয়ে রেখে আদর করতেন। মাঝেমধ্যে নামাজ পড়ার সময়ে তাঁর দৌহিত্ররা এসে পিঠে উঠে বসে থাকতো। নবীজী (সা.) ধীওে সুস্থে নামাজ সম্পূর্ণ করে তাঁদের নিজের কোলে নিয়ে বসতেন।
নবীজী (সা.) বলতেন, ‘যারা তাদের ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। যারা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে তারা আমার সম্পর্কেও বিদ্বেষ পোষণ করে। আমি হোসাইনের এবং হোসাইন আমার। যে হোসাইনকে ভালোবাসে, আল্লাহ সুবহান তায়ালাও তাকে ভালোবাসবে।’
নবীজী (সা.) একদা মসজিদে শুক্রবারের খুতবা প্রদানকালে হোসাইন (রা.) প্রবেশ করলে নবীজী (সা.) তাকে দেখে মিম্বার হতে নেমে আসেন এবং তাকে কোলে তুলে বুকের সঙ্গে লাগিয়ে রেখে মহান আল্লাহর দরবারে দোয়া করেন, ‘হে আল্লাহ! আমি তাদের উভয়কেই ভালোবাসি। আপনিও তাদের একইরকম ভালোবাসুন।’ (বুখারি শরিফ)।
বিষ পানে মৃত্যু হলো নবী দৌহিত্র ইমাম হাসান (রা.):
ইমাম হাসান তার পিতার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ইসলামের ইতিহাসে তিনি একজন যোগ্য ব্যক্তি ছিলেন। হজরত আলীর (রা.) এর শাহাদাতের পর ১০ বছর যাবত ইমামের দায়িত্ব পালন করেন তিনি এবং ৫০ হিজরির ২৮ শে সফর ৪৭ বছর বয়সে তার স্ত্রী জো’দা বিনতে আসয়াস বিন কায়েসের বিষ প্রয়োগের ফলে তিনি শাহাদাত বরণ করেন।
কারবালা কোথায় অবস্থিত?
কারবালা একটি শহর যা ইরাকের মধ্য-দক্ষিণে অবস্থিত এবং বাগদাদ হতে ১০০ কিলোমিটার দক্ষিণাংশে অবস্থান। পবিত্র শহরের মধ্যে এটি অন্যতম কারণ কারাবালা ময়দান যেখানে এখানে নবী করিম (সা.) অতি আদরের দৌহিত্র ইমাম হোসাইন (রা.) শহিদ হন এবং তার কবরস্থান অবস্থিত।
কারবালার সঠিক ইতিহাস ও কারবালা যুদ্ধের কারণ:
মহানবী (সা.) এর ওফাতের আগে তিনি উত্তরাধিকার সূত্রে খলিফার জন্য কাউকে মনোনয়ন না করে বরং তা জনগণের চাহিদার ওপর ছেড়ে দিয়েছিলেন। সে সূত্রে ইসলামের চার খলিফা নিযুক্ত হয়েছিলেন বড় বড় সাহাবাদের পরামর্শে। হজরত মুয়াবিয়া (রা.) এর ছেলে ইয়াজিদ এ প্রথা দূর করে নিজেই নিজেকে খলিফা হিসেবে ঘোষাণা দেয়। ফলে খেলাফত প্রথাকে পুনরুদ্ধারেই ইমাম হোসাইন (রা.) বিদ্রোহ ঘোষণা করেন। সংঘটিত হয় কারবালার যুদ্ধ।
ইয়াজিদের ইতিহাস:
সময়কাল তখন হিজরির ৬০ সাল। বসরার শাসনকর্তা হজরত মুগিরার প্ররোচনায় হজরত মু’আবিয়া (রা.) তার জৈষ্ঠ্য পুত্র ইয়াজিদের নাম খলিফা হিসেবে উল্লেখ করেন। এই নিয়োগে ইসলামের নিয়মের পুরোপুরি বহির্ভূত কারণ মুয়াবিয়া পুত্র ছিলেন একজন নিষ্ঠুর প্রকৃতির, মদ্যপ, ধর্মে অবিশ্বাসী একজন ব্যক্তি। যার কারণে হজরত মু’আবিয়ার মৃত্যুর পর ইয়াজিদের কাছে ইমাম হোসাইন (রা.) তাকে খলিফা হিসেবে মানতে অস্বীকৃতি জানায়। যার কারণে তাদের ওপর শুরু হয় অত্যাচার। অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে হজরত ইমাম হোসাইন (রা.) এবং আবদুল্লাহ ইবনে যুবাইর ইরাক হতে মক্কায় চলে যান।
কারবালার যুদ্ধের কারণ:
এদিকে কুফাবাসীরা ইয়াজিদের বিপক্ষে। তারা ইমাম হোসাইন (রা.) এর সাহায্য প্রার্থণা করে দূত মারফত চিঠি পাঠান তার কাছে যেখানে লেখা ছিলো ইয়াজিদের বদলে ইমাম হোসাইনকেই তারা খলিফা হিসেবে দেখতে চান। তিনি এই ডাকে সাড়া দিয়ে তার চাচাতো ভাই মুসলিম বিন আকীলকে পাঠালেন কুফায়। যাতে তিনি সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে আসেন। সবকিছু দেখেশুনে মুসলিম কুফা হতে পত্র মারফতে ওখানকার ইমাম হোসাইনের প্রতি তাদের ব্যাপক সমর্থনের কথা জানান এবং তাকে কুফায় আসার অনুরোধ করেন। তবে মুসলিম বিন আকীলের ভাগ্যে লেখা ছিলো নৃশংস কিছু। মুসলিম বিন আকীলের আগমনে কুফাবাসীর মধ্যে বিদ্রোহ সৃষ্টির খবরে ইরাকের অধীনস্থ বসরার শাসনকর্তা উবায়দুল্লাহ বিন জিয়াদকে তৎক্ষণাৎ ইয়াজিদ কুফার দায়িত্ব অর্পণ করে এবং বিদ্রোহ দমন করতে বলে। তবে ইয়াজিদ ইমাম হোসাইন (রা.)-কে হত্যার কোনো ধরনের নির্দেশ সে দেয়নি। উবায়দুল্লাহ গিয়ে দেখে আসলেই ঘটনা সত্য এবং মুসলিম বিন আকীল প্রায় চার হাজার সৈন্যসমেত তার প্রাসাদ ঘেরাও করে আছে। উবায়দুল্লাহ সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন ইয়াজিদের সৈন্য দিয়ে তাদের নির্মমভাবে দমন করা হবে এবং হত্যা করা হবে। এই ঘোষণা শুনে কুফাবাসী ভীতসন্ত্রস্ত হয়ে ধীরে ধীরে সরে পড়ে। দিনশেষে দেখা যায় আকিলের সঙ্গে আর কোনো সমর্থক অবশিষ্ট নেই। তিনি নিজের নির্মম ভাগ্যকে মেনে নেন এবং গ্রেফতারের পর উবায়দুল্লাহ তাকে হত্যার নির্দেশ দিলে তিনি মৃত্যু কার্যকর করার পূর্বে ইমাম হোসাইনকে পত্র মারফত জানান, ‘হোসাইন! পরিবার পরিজন নিয়ে ফিরে যাও। কুফাবাসীদের ধোঁকায় পড়িও না। তারা তোমার সঙ্গে মিথ্যে বলেছে যেমনটা তারা আমার সঙ্গে বলেছে।’ দারুল এমারার ছাদে মুসলিম বিন আকীল এবং তাকে নিজের ঘরে আশ্রয় দেয়া হানি ইবনে উরওয়াকে গর্দান কেটে হত্যা করা হয়।
কারবালার যুদ্ধ:
তবে দ্বিতীয় পত্র পৌঁছানোর পূর্বেই প্রথম পত্রের সাড়া দিয়ে ইমাম হোসাইন জিলহজ মাসের ৮ তারিখে মক্কা হতে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যান। বিভিন্নসূত্রে জানা যায়, সেদিনই মুসলিম বিন আকীলকে হত্যা করা হয়। কুফার উদ্দেশ্যে গমনের পূর্বে বহু সাহাবির বাধা সত্তেও তিনি যাত্রা শুরু করেন। সুফীয়ান আস সাওরী ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত, ইবনে আব্বাস (রা.) হোসাইনকে বলেছিলেন, ‘মানুষের দোষারোপের ভয় না থাকলে আমি তোমাকে যাত্রা হতে বিরত রাখতাম।’ আব্দুল্লাহ ইবনে যুবাইর (রা.) বলেন, ‘হোসাইন! কোথায় যাও? এমন লোকদের কাছে যারা তোমার পিতাকে হত্যা করেছে এবং তোমার ভাইকে আঘাত করেছে?
কুফার পৌঁছাতে মাত্র দুই মনজিল বাকি এমনসময় কারবালা নামক স্থানে ইয়াজিদের সৈন্য দ্বারা তিনি বাধাপ্রাপ্ত হন যার দায়িত্বে ছিলো আল হুর ইবনে ইয়াজিদ আল তামিমী। কুফাবাসীর পাঠানো চিঠি দেখালেও তারা সেসব স্বীকার করলো না। হোসাইন (রা.) তিনটি প্রস্তাব পেশ করলেন। হোর ইবনে ইয়াজিদ প্রস্তাবগুলোকে যুক্তিসম্মত বললেও ইয়াজিদ সৈন্যরা উবায়দুল্লাহর ফয়সালা ব্যতীত তা মানতে অস্বীকৃতি জানায়। হজরত হোসাইন (রা.) বাধাপ্রাপ্ত হয়ে উঠে দাঁড়ালেন এবং ঘোড়ায় সওয়ার হলেন কিন্তু হোর বাহিনী কখনো সম্মুখে বা কখনো পশ্চাতে তাকে বাধা দিচ্ছিলো। এভাবে মহররমের ২ তারিখ কারবালা প্রান্তরে উপনীত হলেন। সেখানে পৌঁছে হজরত ইমাম হোসাইন (রা.) জায়গায়টির নাম জিজ্ঞেস করলে উত্তর দেয়া হয় কারবালা।’
উপস্থিত ইমাম হোসাইন (রা.) বললেন, ‘হে আল্লাহ! বালা মসিবত হতে আপনার কাছে আশ্রয় প্রার্থণা করি।’
কারবালার ঘটনা:
ইমাম হোসাইন কারবালা প্রান্তরে নেমে সবার উদ্দেশ্যে বললেন, ‘এখানে দুঃখ ও বালা মুছিবতের স্থান। নেমে পড়, এখানেই আমাদের অবতরণে, রক্ত ঝরানোর এবং আমাদের কবরস্থান।’ এরপর সবাই নেমে পড়লেন। হোর এবং তার সঙ্গীরা অন্য এক দিকে তাঁবু ফেললো।
ইমাম হোসাইন (রা.) নিজের করুণ পরিণতির কথা আগে হতেই জানতেন তাই অন্যদের উদ্দেশ্যে যুদ্ধের পূর্ব হতেই নির্দেশ দেন, ‘হে উম্মে কুলসুম, হে যয়নব, হে ফাতেমা, হে রোবাব, সাবধান! আমি যখন নিহত হবো, তখন যেনো গায়ের কাপড় ছিন্ন না করো। চেহারায় যেনো আঘাত না কর। এমন কথা মুখ দিয়ে না বলো যা আল্লাহর অপছন্দনীয়।’
উবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হোসাইন (রা.) এর বিরুদ্ধে যুদ্ধের জন্য ওমর বিন সা’দকে সেনা অধিনায়ক ঘোষণা করে চার হাজার অশ্বারোহী সৈন্য নিয়ে কুফা হতে পাঠায়। এই বাহিনী হজরত ইমাম হোসাইন (রা.) এর গতিরোধ করে পানির সরবরাহ বন্ধ করে দেয়।
একের পর এক সেনাদল পাঠাতে থাকে জিয়াদ। যার ফলে ৬ মহররমের সময় সেনাসংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় ২০ হাজার জন আর ওইদিকে ইমাম হোসাইনের পক্ষে রয়েছে সর্বসাকুল্যে শ’ খানেক মানুষ।
তবে সেদিন মহানবী হজরত মোহাম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইনের অনুরোধে প্রথম দিন যুদ্ধবিরতী ঘোষণা করা হয়। ইমাম হোসাইন তার সঙ্গে আগত অনেককেই অনুরোধ করেন ফিরে যেতে তবে তারা কিছুতেই ইমামকে ছেড়ে নতুন জীবন গড়তে রাজি হননি। সেই রাতটি ইবাদাত, মোনাজাতে কাটিয়ে দেয়া হয়।
চলবে...