প্রস্তুত টাইগার শিবির!
রাত পোহালেই মাঠে গড়াবে আফগান-বাংলাদেশের প্রথম টেস্ট। প্রস্তুত টাইগার শিবির। সঙ্গে প্রস্তুত স্পিন বোলাররাও।
যতদূর জানা গেছে, বাংলাদেশ ‘অলআউট’স্পিন অ্যাটাক নিয়ে মাঠে নামবে। সেক্ষেত্রে একাদশে কোনো পেসার না দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
সাকিব আজ স্পষ্ট করে জানিয়েছেন, প্রয়োজন না থাকলে পেস বোলার খেলানোর পক্ষপাতী নন তিনি। ম্যাচ জয়ের পরিকল্পনায় যা করার প্রয়োজন তাই করবেন।
তাতে বোঝা গেলো বৃহস্পতিবার সাগরপাড়ের স্টেডিয়ামে বাংলাদেশ নামবে স্পিন আক্রমণ নিয়ে। তিনি বলেন ‘২০ উইকেট নিতে না পারলে কোনো সুযোগ নেই। যারাই খেলবে, আমাদের চেষ্টা থাকবে ২০ উইকেট নেওয়ার। যত কম রানে নেওয়া সম্ভব হয়। ’
আফগানিস্তানের বিপক্ষে সাকিবসহ নামবেন মিরাজ, নাঈম ও তাইজুল। যদি ব্যাটসম্যান কমিয়ে বোলার খেলাতে হয় সেক্ষেত্রে আবু জায়েদ রাহী দলে ঢুকতে পারেন। বাকিদের সম্ভাবনা খুবই কম।
চার স্পিনারের ব্যাপারে সাকিবের ভাবনা, ‘যখন ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় খেলা হয়, চার সিমার খেলে, কোনো স্পিনার খেলে না, সেগুলো নিয়ে তো আমরা সমালোচনা করি না। আমার কাছে মনে হয় না এগুলো নিয়ে চিন্তা করার কিছু আছে। আমি এই বিষয়গুলো নিয়ে একদমই ভাবি না। আমাদের চিন্তা থাকবে ম্যাচটি জেতার। সেটি যদি দুজন সিমার বা তিন সিমার নিয়ে খেলতে হয়, খেলব। যেটাই আমরা পরিকল্পনা করব, সেটিতেই অটল থাকার চেষ্টা করব। পরিকল্পনা অনুযায়ী কাজ করার চেষ্টা করব।’
তো প্রস্তুতি সব শেষ। কাল থেকে শুরু হবে পাঁচ দিনের মাঠের লড়াই। এক দিকে রশিদ-নবীরা, অন্যদিকে সাকিব-মেহেদীরা। সবদিক দিয়ে এগিয়ে আছে বাংলাদেশ। কিন্তু শঙ্কার আরেকটা নামও আছে, সেটা হলো বৈরি আবহাওয়া।
ডেইলি বাংলাদেশ/সালি