পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
রাজধানীর যাত্রাবাড়ীতে পেঁয়াজ, আদা, রসুনের পাইকারি ও খুচরা বাজারে মূল্যতালিকা যথাযথ প্রদর্শন না করায় ৬ প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের যৌক্তিক মূল্য, স্বাভাবিক ও ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে যাত্রাবাড়ীতে অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল।
এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় নুরজাহান ইন্টারপ্রাইজকে ৫ হাজার, আসিকের আড়তকে ৫ হাজার টাকা, মেসার্স দেওয়ান বাণিজ্যালয়কে ৫ হাজার টাকা, মায়ের দোয়া বানিজ্যালয়কে ৫ হাজার টাকা, ভূঁইয়া বাণিজ্যালয়কে ৫ হাজার টাকা এবং মেসার্স ফারজানা ট্রেডার্সকে (টিসিবির ট্রাক সেল) ওজনে কম দেয়ার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অতি মুনাফা লাভ থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের উদ্দেশ্যে আবদুল জব্বার বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যথাযথভাবে প্রদর্শন করা, পণ্য ক্রয়ের ক্যাশ মেমো সংরক্ষণ করা এবং ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্য সামঞ্জস্যপূর্ণ হওয়া এবং রমজানকে কেন্দ্র করে অতি মুনাফা লাভ থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়।
এছাড়া মাস্ক পরা, (ফিজিক্যাল ডিসটেন্স) শারীরিক দূরত্ব বজায় রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করা, স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সরকারের নির্দেশনা যথাযথভাবে পালনে ভোক্তাদের আহ্বান জানানো হয়।