ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

অপহরণের ১৩ দিন পর মঠবাড়িয়ায় যুবক উদ্ধার 

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩০, ২৩ মে ২০২০
অপহরণের ১৩ দিন পর মঠবাড়িয়ায় যুবক উদ্ধার 
অপহৃত মো. জহিরুল ইসলাম মোল্লা

অপহরণের ১৩দিন পর মো. জহিরুল ইসলাম মোল্লা নামে এক যুবককে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া ওই যুবক ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার চল্লিশ কাহনিয়া গ্রামের মো. ইউসুফ আলী মোল্লার ছেলে।

তাকে মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউপির বাবুরহাট বাজার এলাকা থেকে শনিবার দুপুরে পুলিশ উদ্ধার করে।

ওই যুবকের বাবা মো. ইউসুফ আলী মোল্লা বাদী হয়ে গত ১২ মে আটজনের নাম ও ৪-৫ জনকে অজ্ঞাত উল্লেখ করে রাজাপুর থানায় অপহরণের অভিযোগ এনে একটি মামলা করেন। 

মামলা সূত্রে জানা যায়, ওই যুবককে গত ১০ মে দুপুরে তার বন্ধু মুন্না, মো. সৈকত, সুপ্যাক, মো. কালাম, মো.তুহিন, রবিন, হাবিবুল্লাহ ও তাওহীদসহ আরো কয়েকজন কথা আছে বলে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে ওই দিন বিকেল সাড়ে ৩টার দিকে সুপ্যাক তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ওই যুবকের বোন সালমা জাহানের মোবাইল ফোনে কল দেয়। এ সময় একটি বিকাশ নাম্বার দিয়ে তাতে ১০ হাজার টাকা পাঠিয়ে দিতে বলেন। আর ওই টাকা না দিলে ওই যুবককে খুন করা হবে বলে হুমকি দেয়।

মঠবাড়িয়া থানার ওসি আ.জ.মো. মাসুদুজ্জামান জানান, অপহৃত ওই যুবককে শনিবার উপজেলার সাপলেজা ইউপির বাবুর হাট বাজারের এনায়েতের ডেকোরেটরের সামেনে অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে ঝালকাঠি জেলার রাজাপুর থানায় হস্তান্তর করে।
 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!