ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নুসরাত হত্যা: ১৬ আসামি আদালতে

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১১:০২, ২৪ অক্টোবর ২০১৯
নুসরাত হত্যা: ১৬ আসামি আদালতে
ছবি: ডেইলি বাংলাদেশ

আলোচিত ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার ১৬ আসামিকে আদালতে আনা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় ফেনীর কেন্দ্রীয় কারাগার থেকে তাদের আদালতে আনা হয় বলে আদালত থেকে ফেনী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।

এদিকে, রায়কে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ফেনীর এসপি খোন্দকার মো. নুরুন্নবী বলেন, বৃহস্পতিবার সকাল থেকে আদালত চত্বরে সরকারি গাড়ি ছাড়া কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। আমরা সেখানে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।

রায় ঘোষণাকে ঘিরে ফেনী সদর ও সোনাগাজীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। এছাড়া র‍্যাব সদস্যদের পাশাপাশি গোয়েন্দা পুলিশের টহল জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি এড়াতে সব রকম নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে এসপি।

তিনি আরো জানান, মাঠে ফুট পেট্রোল, মোবাইল পেট্রোল, স্ট্রাইকিং ফোর্স থাকবে। সোনাগাজীতে নুসরাতের বাড়িতে আগের চেয়ে আরো বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এছাড়াও রয়েছে কিছু বিধি-নিষেধ। সেগুলো হলো- মোটরসাইকেলে অতিরিক্ত আরোহী উঠতে পারবে না, প্রয়োজন ছাড়া কেউ ঘোরাফেরা করতে পারবে না। আদালত চত্বরে ভেতর-বাইরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক থাকবে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।

তিনি আরো বলেন, রায় ঘোষণার ১০ থেকে ১২ দিন পর পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। এরপর পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, গত ৬ এপ্রিল নুসরাত জাহানকে মাদরাসার সাইক্লোন শেল্টারের ছাদে ডেকে নিয়ে হাত-পা বাঁধা হয়। পরে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। ৮ এপ্রিল তার বড় ভাই মাহমুদুল হাসান নোমান আট জনের নাম উল্লেখ করে সোনাগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ১০ এপ্রিল নুসরাতের মৃত্যুর পর মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

এ মামলায় মোট ২১ জনকে গ্রেফতার করা হয়। তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক মোহাম্মদ শাহ আলম তদন্ত শেষে ২৯ মে ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় পাঁচজনকে অব্যাহতি দেয়া হয়েছে। অভিযোপত্রভুক্ত ১৬ আসামির মধ্যে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার বরখাস্তকৃত অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ১২জন ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!