টাঙ্গাইলের ধনবাড়ীতে স্থানীয় সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে পকেটমারের কবলে পড়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের একঝাঁক শীর্ষ নেতা। জনতার ভিড় ও জনসমাগমের সুযোগ নিয়ে কৌশলে তাদের মোবাইল ফোন, মানিব্যাগ, নগদ টাকা ও ব্যাংকের কার্ড হাতিয়ে নিয়েছে কর্মী সেজে আসা একটি সংঘবদ্ধ চোরচক্র।
শুক্রবার (৩ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়ন, পৌর শহরের নবাববাড়ি ঈদগাহ মাঠ, নবাব ইনস্টিটিউটের খেলার মাঠ এবং বাজার সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানসহ বেশ কয়েকটি রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
.png)
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসব কর্মসূচির শুরুতেই প্রচণ্ড ভিড়ের সুযোগ নিয়ে চোরচক্রটি একের পর এক হাতসাফাই চালায়। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় ভুক্তভোগী নেতারা চুরির বিষয়টি টের পান।
ভুক্তভোগীদের মধ্যে অন্যতম হলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক (ভিপি)। জনসভায় তার ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ চুরি হয়ে গেছে। ঘটনার পর তার ব্যক্তিগত নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
এ ছাড়া পকেটমারির শিকার হয়েছেন উপজেলা বিএনপির সদস্য ও ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, ধনবাড়ী উপজেলা যুবদলের সদস্যসচিব আলী আল শাফি রিমু, বিএনপি নেতা রাঙ্গা, পৌর যুবদল নেতা নাছির এবং ছাত্রদল নেতা ইসমাইলসহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী।
মোবাইল ফোন ও ব্যাংক কার্ড হারানোর বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন। তবে মানিব্যাগে কী পরিমাণ টাকা ছিল, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। স্থানীয় রাজনৈতিক নেতাদের দাবি, কোনো একটি সংঘবদ্ধ পকেটমার চক্র পরিকল্পিতভাবে কর্মী সেজে সমাবেশে ঢুকে এই কাণ্ড ঘটিয়েছে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক জানান, মোবাইল ফোন হারানোর ঘটনায় এ পর্যন্ত একজন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগের ভিত্তিতে চোরচক্রটিকে শনাক্ত ও মোবাইল উদ্ধারে পুলিশ কাজ করছে।