প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক গ্রেপ্তার
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রীর ব্যবহৃত বাস নিয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্টে এমন মন্তব্যের পর ব্যাপক সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে নগরীতে প্রবেশ করেন তিনি।
এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তিনিও বাস থেকে হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদনের জবাব দেন।
পরে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর ব্যবহৃত বাস নিয়ে একটি পোস্ট প্রকাশ করা হয়। সেখানে প্রশ্ন তোলা হয়, রাজশাহী সফরে প্রধানমন্ত্রী কেন লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসের পরিবর্তে রুয়েটের বাস ব্যবহার করেছেন।
ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’
মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি মন্তব্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
মহানগর বিএনপির সহসভাপতি আলী আশরাফ মাসুমও মন্তব্যটির পেছনে প্রধানমন্ত্রীর প্রতি কোনো বাস্তব হুমকি রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান।
এর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান মন্তব্যটিকে উদ্বেগজনক, অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেন।
তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে পুলিশ। মন্তব্যকারীকে শনাক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরবর্তী সময়ে আবু বকর সিদ্দিককে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়। তবে গ্রেপ্তারের সময়, স্থান এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।