ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

পূজামণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা টিম মোতায়েন: এসআরবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৬, ২০ অক্টোবর ২০২৬
পূজামণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা টিম মোতায়েন: এসআরবি
সংগৃহীত ছবি

শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন করতে সম্ভাব্য হুমকি শনাক্তে কাজ করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ প্রায় ১ হাজার ৮৪১টি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় তাদের বিশেষ নিরাপত্তা টিম মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান।

তিনি বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় ১৫টি পিকআপ পেট্রোল ও ২৮টি মোটরসাইকেল টহল দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। পাশাপাশি সাদা পোশাকে নজরদারি, কমান্ডো, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ড্রোন টিমের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সম্ভাব্য হুমকি শনাক্তে গোয়েন্দা শাখা স্থানীয় পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে। পূজামণ্ডপের আশপাশে টহল ও চেকপোস্ট জোরদারের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলে নজরদারি রাখা হচ্ছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে প্রস্তুত রয়েছে স্ট্রাইকিং ফোর্স।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক নজরদারি করছে। এ ছাড়া পূজামণ্ডপ-সংলগ্ন এলাকায় কন্ট্রোল রুম স্থাপন এবং বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে নৌ টহলের ব্যবস্থাও নেওয়া হয়েছে। দর্শনার্থীদের সহায়তায় পূজামণ্ডপগুলোতে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। 

নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী দর্শনার্থীদের পাশাপাশি জরুরি প্রয়োজনে সেবা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!