ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

জেলেদের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ১৩ অক্টোবর ২০২৬
জেলেদের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
ছবি: ডেইলি বাংলাদেশ

‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’-মা ইলিশ সংরক্ষণে জেলেদের প্রতি এমন আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, প্রজনন মৌসুমে ইলিশ ধরা থেকে বিরত থাকলে ভবিষ্যতে উৎপাদন বাড়বে, যা দেশের মৎস্যসম্পদ সমৃদ্ধ করার পাশাপাশি জেলেদের দীর্ঘমেয়াদি আর্থিক সুবিধাও নিশ্চিত করবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় চাঁদপুর সদর উপজেলার পশ্চিম দাসাদী বড় খান বাড়ির মাঠে মৎস্য অধিদপ্তর, চাঁদপুরের উদ্যোগে আয়োজিত ভিজিএফের চাল বিতরণ ও জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, কৃষক ও মৎস্যজীবীদের জীবন-জীবিকার সঙ্গে দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার গভীর সম্পর্ক রয়েছে। তাই নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যাতে খাদ্যসংকটে না পড়েন, সে জন্য সরকার খাদ্যসহায়তা দিচ্ছে। তবে সরকারি সহায়তার পাশাপাশি জেলেদের বিকল্প আয়ের উৎস তৈরির জন্য খাঁচায় ভাসমান মাছ চাষের মতো আধুনিক পদ্ধতি চালুর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, মা ইলিশ সংরক্ষণ শুধু মৎস্য অধিদপ্তর বা প্রশাসনের একার দায়িত্ব নয়; এ সম্পদ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!