বাংলাদেশ মিশন ঘেরাওকে কেন্দ্র করে উত্তপ্ত কলকাতা
বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও কর্মসূচির ঘটনায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (৩ অক্টোবর) ‘বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান’ ও ‘ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)’-এর যৌথ উদ্যোগে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
এদিন শিয়ালদহ রেলস্টেশন থেকে মিছিল বের করেন দুই সংগঠনের নেতা-কর্মীরা। এতে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী এবং এনসিপিআইয়ের প্রায় ৬০ জন সমর্থক অংশ নেন।
.png)
মিছিলটি বাংলাদেশ মিশনের দিকে এগিয়ে গেলে প্রায় ৩০০ গজ দূরে ব্যারিকেড দিয়ে তা আটকে দেয় কলকাতা পুলিশ। এরপর বিক্ষোভকারীদের একটি অংশ ব্যারিকেড সরিয়ে সামনে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। এ সময় বাংলাদেশ মিশনসংলগ্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে বিক্ষোভকারীদের মিশনের সামনে যেতে দেয়নি পুলিশ। বাংলাদেশ মিশনের অনুমতি নিয়ে পাঁচজন প্রতিনিধিকে ভেতরে গিয়ে স্মারকলিপি দেওয়ার সুযোগ দেওয়া হয়। স্মারকলিপিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি জানানো হয়।
স্মারকলিপি দেওয়ার পর আন্দোলনকারীরা আরও কিছুক্ষণ বিক্ষোভ করেন। পরে তারা বাংলাদেশ মিশনসংলগ্ন এলাকা ছেড়ে চলে যান।