বট-গুপ্ত বাহিনীর অপপ্রচার নিয়ে সতর্ক করলেন চিফ হুইপ
বট ও ‘গুপ্ত বাহিনী’র মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ধর্মের লেবাসে কেউ যাতে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নূরুল ইসলাম মনি।
.png)
তিনি বলেন, কিছু লোক পাশের দেশে বসে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের চেষ্টা করছে। এ ধরনের তৎপরতার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
চিফ হুইপ আরও বলেন, ধর্মকে ব্যবহার করে কেউ যেন দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।
এ সময় নূরুল ইসলাম মনি দাবি করেন, ‘স্বৈরাচারের’ সময়ে ‘আল্লাহু আকবার’ ধ্বনি নিষিদ্ধ করা হয়েছিল। তিনি বলেন, আগামীতে সংবিধান সংস্কারের সময় ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ ফিরিয়ে আনা হবে।
এর আগে গত জুনে জাতীয় সংসদে কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে বিতর্কের সময়ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি বক্তব্য দিয়েছিলেন।