স্বজনদের কান্নায় অপ্রতিমের শেষ বিদায়
বুকফাটা কান্না আর স্বজনদের চোখের জলে একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে শেষ বিদায় জানিয়েছেন তার মা-বাবা। স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের অশ্রুসিক্ত বিদায়ের পর চিরনিদ্রায় শায়িত হয়েছে নির্মম হত্যাকাণ্ডের শিকার ১৩ বছরের এই কিশোর।
রোববার (২০ সেপ্টেম্বর) দ্বিতীয় জানাজা শেষে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি গোরস্থানে অপ্রতিমকে দাফন করা হয়। এর আগে গন্ধমতি স্কুল মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
.png)
প্রথম জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের পাশাপাশি পরিবারের সদস্য ও স্বজনরা অংশ নেন। অপ্রতিমের শেষ বিদায়ে সেখানে শোকের পরিবেশ সৃষ্টি হয়।
জানাজার আগে স্বজন ও প্রতিবেশীরা সংক্ষিপ্ত বক্তব্য দেন। তারা অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা বলেন, অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
এ সময় অপ্রতিমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান স্বজন, প্রতিবেশী ও উপস্থিত অন্যরা।