ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ সংশোধন করলো ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৪, ১৯ সেপ্টেম্বর ২০২৪
সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ সংশোধন করলো ইসি
ফাইল ফটো

সার্বিক নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশে জারি করা নিষেধাজ্ঞা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রবেশ ও অবস্থানে কোনো বাধা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে এ তথ্য জানান ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

তিনি বলেন, পূর্বের অফিস আদেশটি সংশোধন করা হয়েছে। সচিব স্যার বলেছেন কোনো সমস্যা নেই। আপনারা আগের মতোই কাজ করবেন।

Advertisement

এর আগে আজ সকালে নির্বাচন ভবনের সার্বিক নিরাপত্তার জন্য দর্শনার্থীদের মতো সাংবাদিক প্রবেশ ও অবস্থানে কড়াকড়ি আরোপ করে অফিস আদেশ জারি করে নির্বাচন কমিশন।

ঐ অফিস আদেশে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের (নির্বাচন ভবন) সার্বিক নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সেবাপ্রত্যাশী, নির্বাচন কমিশন সচিবালয়, আইডিইএ-২ (স্মার্টকার্ড) প্রজেক্ট, ইভিএম প্রজেক্ট, সিবিটিইপি প্রজেক্ট, সেবাদানকারী প্রতিষ্ঠান পিডব্লিউডির কর্মকর্তা/কর্মচারীদের ছাড়া অতিথি এবং সাংবাদিকদের অফিস সময়ের শেষে বিকেল ৫টার পরে নির্বাচন ভবনে অবস্থান ও প্রবেশ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। শুধু মিডিয়া সেন্টার সাংবাদিকদের জন্য খোলা থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নির্বাচন কমিশনের এই অফিস আদেশ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে এতে আপত্তি জানান সাংবাদিকরা। বিষয়টি ইসি সচিব শফিউল আজিমের কাছে তুলে ধরেন নির্বাচন কমিশনের খবর সংগ্রহকারী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি আকরামুল হক সায়েম। পরে তা সংশোধন করার কথা জানান ইসি সচিব।

এরপর আজ বিকেলে নতুন এক অফিস আদেশ জারির মাধ্যমে সাংবাদিকদের অফিস সময়ের শেষে বিকেল ৫টার পরে নির্বাচন ভবনে অবস্থান ও প্রবেশ না করার বিষয়টি প্রত্যাহার করে নিয়েছে নির্বাচন কমিশন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!