ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশের যে জেলায় একদিনে ৩৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৭, ১১ জুলাই ২০২৪
দেশের যে জেলায় একদিনে ৩৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
ফাইল ফটো

রাজধানীসহ দেশের বেশিরভাগ অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একদিনে কক্সবাজারে সর্বোচ্চ ৩৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।

একই সময়ে কুতুবদিয়ায় ১২৩, গোপালগঞ্জে ৭১, চাঁদপুরে ৫৭, সিলেটে ৫৬, নেত্রকোণায় ৫৫, টেকনাফে ৪২ মিলিমিটার ছাড়াও চট্টগ্রামে ৩৫, খেপুপাড়ায় ৩০, ফরিদপুরে ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই সময়ে ঢাকায় রেকর্ড করা হয়েছে ১ মিলিমিটার বৃষ্টিপাত।

আগামী ৩ দিন বৃষ্টিপাতের এমন দাপট অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে বর্ধিত ৫ দিন থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শনিবার একই সময় পর্যন্ত রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আর এই সময়েও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এছাড়া বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!