চলমান আসারের দ্বিতীয় সেমিফাইনালে জেমস রদ্রিগেজ শক্তিশালী উরুগুয়েকে পরাজিত করে ফাইনালে তুলেছেন নিজ দেশ কলম্বিয়াকে। তাদের লড়াইটা হবে শক্তিশালী আর্জেন্টিনাকে পরাস্ত করে দ্বিতীয় শিরোপা ঘরে তোলার।
ছন্দের তুঙ্গে থাকা এই মিডফিল্ডার এবারের আসরে ভেঙেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসির রেকর্ড। কোপার এক আসরে সর্বোচ্চ ৬ গোলের অ্যাসিস্ট করেছেন কলম্বিয়ান এই তারকা। এর আগে এক আসরে সর্বোচ্চ ৫ অ্যাসিস্ট করেছিলেন লিওনেল মেসি। সেটি ২০২১ সালে ব্রাজিলে হওয়া আসরে।
.png)
নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে জোড়া অ্যাসিস্ট করেছিলেন রদ্রিগেজ। পরের ম্যাচে কোস্টারিকার বিপক্ষে করেছিলেন এক অ্যাসিস্ট। পানামার বিপক্ষে করেন দুই অ্যাসিস্ট। আর সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে কলম্বিয়ার একমাত্র গোলের অ্যাসিস্টও তিনিই করেন। কর্ণার থেকে বল ফেলেছিলেন দূরের পোস্টে। জেফারসন লারমা মাথা ছুঁইয়ে কাঙ্ক্ষিত গোল পাইয়ে দেন।
তাতেই মেসির ৫ অ্যাসিস্টের রেকর্ড ভেঙে এক কোপা আসরে ৬ অ্যাসিস্ট করেছেন কলম্বিয়ান ফুটবলের বড় এই তারকা। এখন পর্যন্ত কোপা আমেরিকায় সরাসরি অবদান রেখেছেন ৭ গোলে। তর্কাতীতভাবেই এবারের কোপায় সেরা পারফর্মার ৩২ বছরের এই তারকা।