বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রেনিং সেন্টারে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সঙ্গে সংলাপে এ কথা বলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।
তিনি বলেন, ইউরোপে বিমানের কোনো রুট না থাকা আমাদের একটি অপূর্ণতা। তবে এ অপূর্ণতা বেশিদিন থাকবে না। আগামী মার্চের মধ্যে ইটালির রোমে ফ্লাইট চালু করবে বিমান। রাষ্ট্রীয় এ সংস্থার সামর্থ্যকে আমরা আরো বিস্তৃত করবো।
.png)
এ সময় বিমানের পরিচালক (মার্কেটিং) মো. সালাউদ্দিন বলেন, রোম আমাদের অনেক পুরনো একটি রুট। এয়ারক্রাফট স্বল্পতার কারণে ২০০৯ সালে এ রুটে যাতায়াত বন্ধ হয়ে যায়। রোমে আবার ফ্লাইট পরিচালনা করার জন্য যা যা করণীয়, তা এরই মধ্যে করেছি। এছাড়া রুট পরিচালনা করার জন্য যে মার্কেটিং স্ট্র্যাটেজি প্রয়োজন সেটাও করেছি।
তিনি আরো বলেন, আপাতত দুটি অপশন বিবেচনা করছি। হয়তো আমরা ঢাকা থেকে রোম সরাসরি যাবো, নয়তো কোনো জায়গা ভায়া হয়ে যাবো। ড্রিমলাইনার দিয়ে রোমের ফ্লাইট পরিচালনা করবো। স্টপ ওভারের ক্ষেত্রে দুটি দেশ বিবেচনা করা হয়েছে। একটি কুয়েত ও অপরটি আবুধাবি।