ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জঙ্গি দমনে আমাদের সক্ষমতা আছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৯, ১৬ আগস্ট ২০২৩
জঙ্গি দমনে আমাদের সক্ষমতা আছে: আইজিপি
ছবি: সংগৃহীত

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, জঙ্গি দমনে আমাদের সক্ষমতা আছে। তারা যত দুর্গম এলাকায় অবস্থান করুক না কেন আমরা তাদের দমন করতে সক্ষম হবো।

বুধবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জঙ্গিরা সংঘবদ্ধ হয়ে আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কি না এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, জঙ্গিদের নিয়ে আমাদের যেসব সংস্থা কাজ করে তারা সক্রিয় আছে। যখনই তারা (জঙ্গি) সংঘটিত হওয়ার চেষ্টা করেছে সঙ্গে সঙ্গেই আমরা তাদের নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছি।

Advertisement

তিনি আরো বলেন, আমাদের সক্ষমতা আছে, আমাদের সামর্থ্য আছে। জঙ্গিরা যেখানেই সংঘটিত হওয়ার চেষ্টা করবে আমরা সঙ্গে সঙ্গেই তাদের ধরে ফেলবো। তাদের চেয়ে আমরা অনেক এগিয়ে থাকি। তাদের সংঘটিত হওয়ার খবর আমরা পেয়ে যাই। যত দুর্গম অঞ্চলেই তারা কার্যক্রম পরিচালনা করুক সেই তথ্য পেয়ে আমরা সফল অভিযান পরিচালনা করছি। তাদের সংঘটিত হওয়ার যেকোনো চেষ্টা আমরা রুখে দিতে সক্ষম।

শাহবাগে জামায়াত নেতাকর্মীদের ভাঙচুরের বিষয়ে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, সেদিন জানাজা দেওয়ার জন্য তারা একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল। যারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে আমরা তাদের কঠোর হস্তে দমন করবো।

পুলিশ প্রধান বলেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে। সেদিন রাতে তারা প্রথমে বলেছিল জানাজা করতে চায়। তাদের জানাজা করার জন্য সময়ও দেওয়া হয়। কিন্তু তারা সেই জানাজা করেনি। পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে।

তিনি বলেন, পুলিশ সদস্যদের পর্যাপ্ত প্রশিক্ষণ আছে। আমাদের যত ধরনের প্রস্তুতি, জনবল এবং সরঞ্জাম আছে তা দিয়ে আমরা যেকোনো আইনশৃঙ্খলা জনিত চ্যালেঞ্জ মোকাবিলা করবো। কর্মসূচির নামে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ বরদাশত করা হবে না। যখনই নাশকতা হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হবে- তখনই আমরা ব্যবস্থা নেবো।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!