সুবর্ণ এক্সপ্রেসের ভাড়া বেড়েছে, কার্যকর ২৫ জানুয়ারি
ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী বিরতিহীন ট্রেন সুবর্ণ এক্সপ্রেসের ভাড়া বাড়ানো হয়েছে। আগামী ২৫ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সুবর্ণ এক্সপ্রেসে স্নিগ্ধা সিটে (এসি) ৮০ টাকা এবং শোভন চেয়ারে (নন-এসি) ২৫ টাকা ভাড়া বেড়েছে।
জানা গেছে, সুবর্ণ ট্রেনে দুই ধরনের আসন রয়েছে। এর মধ্যে শোভন চেয়ারের বর্তমান ভাড়া ৩৮০ টাকা। ২৫ টাকা বেড়ে সেটি দাঁড়াবে ৪০৫ টাকা। স্নিগ্ধা সিটের মূল ভাড়া ভ্যাটসহ ৭২৫ টাকা। ৮০ টাকা বাড়লে ভাড়া গুনতে হবে ভ্যাটসহ ৮০৫ টাকা। সাধারণত শোভন চেয়ারের ক্ষেত্রে ভ্যাট ধরা হয় না।
ঢাকা-চট্টগ্রাম রুটে সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলা এক্সপ্রেস নামে বিরতিহীন দুটি ট্রেন চলে। দুটি ট্রেনেই গন্তব্যে পৌঁছাতে সোয়া পাঁচ ঘণ্টা সময় লাগে। দীর্ঘদিন ধরে সোনার বাংলা এক্সপ্রেসে সুবর্ণ এক্সপ্রেসের চেয়ে বেশি ভাড়া ধরা হতো। এজন্য দাম সমন্বয় করতে উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ায় এখন নতুন ভাড়া কার্যকর হচ্ছে।
প্রসঙ্গত, সোমবার ব্যতীত সুবর্ণ এক্সপ্রেস প্রতিদিন সকাল ৭টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনটি বিকেল সাড়ে ৪টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। আবার মঙ্গলবার ব্যতীত সোনার বাংলা এক্সপ্রেস প্রতিদিন বিকেল ৫টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনটি সকাল ৭টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।