মঙ্গলবারের মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় সিত্রাং
আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। রোববারের মধ্যে সেটি নিম্নচাপে পরিণত হতে পারে এবং মঙ্গলবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূলে উঠে আসতে পারে। এই প্রক্রিয়াটি থেকে ঝড় হলে এর নাম হবে সিত্রাং। এ নিয়ে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার।
বাংলাদেশের আবহাওয়া অফিস গতকাল বৃহস্পতিবার সকালে লঘুচাপ সৃষ্টির তথ্য দিয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পরবর্তী নির্দেশনা সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।
ভারতের আলিপুর আবহাওয়া দফতর বলছে, ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হবে। প্রথমে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হলেও পরে তার অভিমুখ হবে উত্তর দিক। ২৪ অক্টোবর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৫ অক্টোবর নাগাদ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড়টি।
কানাডায় গবেষণারত আবহাওয়া বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ আমেরিকান, কানাডিয়ান ও ইউরোপিয়ান আবহাওয়া দফতরের উপগ্রহের তথ্য বিশ্লেষণ করে জানান, এরই মধ্যে প্রক্রিয়াটি শক্তিশালী হয়ে উঠছে। গতকাল বৃহস্পতিবার সকালে এর গতিবেগ ঘণ্টায় ৪১ থেকে ৫২ কিলোমিটার (২২ থেকে ২৮ নটিকেল মাইল) পর্যন্ত উঠেছে।
নিম্নচাপটির কেন্দ্র প্রায় ৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। এটি ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিমে অগ্রসর হচ্ছে। নিম্নচাপটির গতিবেগ ঘণ্টায় ৩৪ নটিকেল মাইল (৬২.৯৭ কিলোমিটার) পর্যন্ত পৌঁছালে এটাকে সিত্রাং বলে অভিহিত করা হবে।