ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

আরো ১৭৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৫, ২৮ আগস্ট ২০২২
আরো ১৭৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি
ফাইল ফটো

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৭৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৪৪ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ৩২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৬১৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৫০৭ জন ঢাকার মধ্যে এবং ১০৬ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৭ আগস্ট ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট পাঁচ হাজার ৪৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় চার হাজার ৫৪৩ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৯৪৯ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে চিকিৎসা শেষে চার হাজার ৮৬০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে চার হাজার ২৭ জন ঢাকার এবং বাকি ৮৩৩ জন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯ জন মারা গেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!