বি-বাড়িয়া নয়, লিখতে হবে ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার নামকে বি-বাড়িয়া না লিখতে নির্দেশনা জারি করেছে সরকার। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে, ৪ জুলাই অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়।
অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মীনাক্ষী বর্মন স্বাক্ষরিত ঐ নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা সূচনা লগ্ন থেকে ব্রাহ্মণবাড়িয়া হিসেবেই পরিচিত। সরকারি গেজেটে ব্রাহ্মণবাড়িয়া লেখা আছে। কিন্তু একটি মহল ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বি-বাড়িয়া জেলা নামে প্রচার করার ফলে বিভিন্ন দাফতরিক যোগাযোগ, ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড, মহাসড়কে স্থাপিত ওভারহেড ডিরেকশনাল সাইনবোর্ড, কিলোমিটার পোস্ট ও বিলবোর্ডগুলোতে ব্রাহ্মণবাড়িয়া নামের পরিবর্তে বি-বাড়িয়া নামের প্রচলন শুরু হয়, যা এখনো বিদ্যমান রয়েছে।
এতে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং তাদের আওতাধীন দফতরগুলোর চিঠিপত্র এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সরকারি সফর সূচিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাম বি-বাড়িয়া লিখে পত্র যোগাযোগ অব্যাহত রয়েছে।
প্রকৃতপক্ষে সরকারিভাবে বি-বাড়িয়া নামে কোনো জেলা নেই। বর্ণিত অবস্থায় সব দাফতরিক কাজে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বি-বাড়িয়ার পরিবর্তে ব্রাহ্মণবাড়িয়া লেখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।