ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

সুবিধাবঞ্চিত শিশুদের ইফতার

এস আই রাসেল
প্রকাশিত: ১৫:০৮, ২৬ এপ্রিল ২০২২
সুবিধাবঞ্চিত শিশুদের ইফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানী ঢাকা শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশু। খাদ্যের স্বল্পতা থাকলেও পবিত্র মাহে রমজানে তারাও রোজা রাখছে নিয়মিত।

মাসজুড়ে বিভিন্ন সামাজিক সংগঠনের পর্যাপ্ত ইফতারের ব্যবস্থা থাকলেও সেহরিতে খাদ্য স্বল্পতায় ভোগেন তারা। তাই অনেক সময় শুধুমাত্র পানি পান বা নামমাত্র খাবার খেয়েই রোজা রাখেন তারা।

সম্প্রতি রাজধানীর শাহবাগ, গুলিস্থান, ফার্মগেটসহ বিভিন্ন পার্ক সরেজমিনে ঘুরে দেখা গেছে, সুবিধাবঞ্চিত শিশুদের এলোমেলো জীবন-যাপন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পবিত্র রমজান উপলক্ষে তারা সবাই রোজা রাখার চেষ্টা করছে। বিশেষ করে যাদের বয়স সাত থেকে নয় বছরের উপরে তারা সবাই রোজা রাখে।

রাজধানীর শাহবাগ সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে কথা হয় ১২ বছর বয়সী জীবনের সঙ্গে। সারাদিন কষ্ট করে রোজা রাখার পর ইফতার করতে কেমন লাগে জানতে চাইলে জীবন বলেন, এইহানে ইফতার করতে আমার অনেক ভালো লাগে। এইহানে নিজের পছন্দমতো খাবার খাওন যায়।

বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীদের কথা তুলে ধরে সে জানায়, আমাগো যেকোনো সমস্যায় ভাইয়া, আপুরা পাশে থাকে। ভাইয়া আপুরা আমাগো প্রত্যেকদিন পড়ালেখা করায়, পড়ালেখার পর নিজের পছন্দমতো তরকারি দিয়া ভাত খাইতে দেয়। অসুখ হইলে ভাইয়ারা ডাক্তারের কাছে নিয়া যায় আবার সব ওষুধও কিনে দেয়।

মতিঝিল থেকে গুলিস্তান পার্কের দিকে হেঁটে যেতে ফুটপাতে দেখা গেল অনেকজন সুবিধাবঞ্চিত শিশু একসঙ্গে বসে ইফতার করছে। দৃশ্যটা বেশ কিছু সময় মনমুগ্ধভাবে অপলক দৃষ্টিতে দেখলাম। হঠাৎ মনে এলো এত গুলো সুবিধাবঞ্চিত শিশু এক সঙ্গে এত ইফতার কোথায় পেল। তখনই জানতে পারলাম পথের ইশকুল নামে একটা সংগঠন তাদের এই ইফতারের ব্যবস্থা করেছে।

আরো জানতে পারলাম শুধু এই একদিন নয়, তারা সারা মাসের জন্যই এই ইফতারের ব্যবস্থা হাতে নিয়েছে। কথা হলো এই মহা উদ্যোগের উদ্যোক্তা পথের ইশকুলের ফাউন্ডার সাকির মাটির সঙ্গে। জানালেন প্রায় ৭ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে তার সংগঠন।

পথ শিশুদের ইফতার দেওয়ার ব্যাপারে সাকির মাটি বলেন, পথের ইশকুল করোনা সংক্রমণের শুরু থেকে ভাসমান ছিন্নমূল মানুষ ও পথশিশুদের খাবার বিতরণ করে আসছে। পথশিশুদের আমরা শিক্ষার বিনিময়ে এক বেলার খাবার দিয়ে থাকি। আমাদের কাজের ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজানের প্রথম দিন থেকে আমরা প্রতিদিন পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের ইফতার বিতরণ করছি। এছাড়া প্রতি সপ্তাহে একদিন ইফতারির পাশাপাশি শ্রমজীবী ও ছিন্নমূল মানুষদের জন্য সাহরি বিতরণ করা হচ্ছে।

পথ শিশুদের নিয়ে কত দিন কাজ করছেন এমন এক প্রশ্নের জবাবে সাকির মাটি বলেন, ২০১৫ সাল থেকে আমরা পথশিশুদের নিয়ে কাজ করছি। প্রথমে আমরা গুলিস্তান ও স্টেডিয়ামে বসবাসরত পথশিশুদের নিয়ে কাজ শুরু করলেও বর্তমানে মতিঝিল, আরামবাগ, রায়েরবাগে আমাদের কার্যক্রম চলছে।

মানুষের সাড়া পাওয়ার ব্যাপারে সাকির মাটি জানান, আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আমাদের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এর বাইরেও অনেক সাধারণ মানুষ বিভিন্ন সময়ে আমাদের সহযোগিতা করে থাকে। অনেকেই তাদের বিশেষ দিনগুলো যেমন- জন্মদিন, মৃত্যুবার্ষিকী, বিবাহ বার্ষিকীতে পথশিশুদের খাবার দিয়ে থাকে। আবার মাঝেমধ্যে বিভিন্ন রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টার থেকে উদ্বৃত্ত খাবার গুলো আমাদের কাছে পৌঁছে দেয়। প্রতিদিন ১০০ এর বেশি পথশিশুকে ইফতার করানো হয় বলেও জানান মাটি।

কমলাপুর, মতিঝিল, গুলিস্থানে ঘুরে দেখা যায় এমন অনেক সংগঠনই নিজেদের চেষ্টায় সুবিধা বঞ্চিত শিশুদের ইফতার ও সাহরি দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। পবিত্র মাহে রমজানে তাই চিন্তা নেই এইসব সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষদের খাবারের।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!