ইফতারের টাকায় ২৫০০ পরিবারকে ঈদ উপহার দেবে জেলা প্রশাসন
অতীতের বছরগুলোতে রমজানে ইফতার পার্টির আয়োজন করে আসলেও এবার সেই টাকায় আড়াই হাজার দুঃস্থ, অসহায়, ছিন্নমূল মানুষকে ঈদ উপহার সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
আগামী শুক্রবার নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন মাঠে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে। বুধবার দুপুরে নিজ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিসি মোহাম্মদ মমিনুর রহমান।
তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর প্রতিদিনই বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আয়োজন করছে ইফতার পার্টি। এসকল ইফতার পার্টির পরিবেশিত খাবারের সিংহভাগ অপচয় হচ্ছে এবং আয়োজনের পেছনে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। এ ধরনের জমকালো ইফতার পার্টি যথাসম্ভব পরিহার করে তিনি এ অর্থ অসহায় দরিদ্রদের মাঝে বিতরণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন।
ডিসি আরো বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসন প্রতিবছর ইফতার পার্টির আয়োজন করে। করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর এ আয়োজন করা সম্ভব হয়নি। এ বছর আয়োজন করার কথা ছিল। কিন্তু আমরা চেয়েছি গরিব, ছিন্নমূল, দুঃস্থ, অসহায় মানুষকে নিয়ে ঈদ আনন্দ উপভোগ করার জন্য। এ বছর ইফতার পার্টি আয়োজনের জন্য যে বাজেট ছিল তা দিয়ে অসহায় প্রায় দুই হাজার ৫০০ মানুষকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হবে।